জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন নতুন সংস্থা আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট (আইটিআইআইইউ) শুধু ফাঁকি উৎঘাটন নয়, উৎঘাটিত ফাঁকির প্রায় ২০০ কোটি টাকার আয়কর রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছে। সংস্থাটির একটি সূত্র এই তথ্য জানিয়েছে।
এই উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে ডাক ভবনে অবস্থিত আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটে কেক কেটে তা উৎযাপন করেন কর্মকর্তা-কর্মচারীরা।
সূত্র জানায়, আইটিআইআইইউর পথচলা শুরু ২০২৪ সালের ২৩ ডিসেম্বর। এরই মধ্যে বহুজাতিক কোম্পানি থেকে দেশীয় শিল্পগোষ্ঠী, সচিব থেকে খেলোয়াড়সহ অনেকের আয়কর ফাইল তদন্ত করেছে সংস্থাটি।
এই বিষয়ে আইটিআইআইইউর কমিশনার মোহাম্মদ আবদুর রকিব বলেন, আমরা ২০০ কোটি টাকা ফাঁকির কর আদায়ের মাইলফলক অতিক্রম করেছি। ২০২৫ সালের ৮ জানুয়ারি আমাদের প্রথম এ-চালানের মাধ্যমে সরকারি কোষাগারে কর জমা হয়েছিল। ৯ মাস ৮ দিনে এ-চালানের মাধ্যমে ২০১ কোটি ৮২ লাখ ৭৩ হাজার ৪৭১ টাকা ফাঁকিকৃত কর আদায় হলো।

