দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশই প্রথম দেশ, যা আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মোট ১০টি মৌলিক কনভেনশন সম্পূর্ণভাবে অনুসমর্থন করতে যাচ্ছে। আইএলওর মোট মৌলিক কনভেনশন ১০টি। এ পর্যন্ত বাংলাদেশ ৮টি কনভেনশন অনুসমর্থন করেছে। আগামী বুধবার দেশটি আরও তিনটি কনভেনশন অনুসমর্থন করবে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
আইএলওর এই কনভেনশনগুলোতে স্বাক্ষর করবেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় স্বাক্ষর হবে। এ সময় আইএলওর ঢাকা কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
বর্তমানে ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্যদেশগুলোর শ্রমমন্ত্রীদের ষষ্ঠ সম্মেলনে (১৫-১৬ অক্টোবর) যোগ দিতে শ্রম উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন কাতারে রয়েছেন। তিনি ২১ অক্টোবর দেশে ফিরবেন। মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ সম্মেলনেও তিনি আইএলওর তিন কনভেনশন অনুসমর্থনের বিষয়টি নিশ্চিত করেছেন। বাংলাদেশ যে তিনটি কনভেনশনে স্বাক্ষর করবে তা হলো:
- পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য কনভেনশন ১৫৫
- কর্মক্ষেত্রে নিরাপত্তার মান উন্নয়নে প্রচারণামূলক কাঠামো কনভেনশন ১৮৭
- কর্মক্ষেত্রে সহিংসতা ও হয়রানি প্রতিরোধ কনভেনশন ১৯০, এর মধ্যে ১৫৫ ও ১৮৭ কনভেনশনই আইএলওর মৌলিক কনভেনশন।
শ্রমসচিব মো. সানোয়ার জাহান ভূঁইয়া গত বুধবার বলেন, “দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ প্রথম দেশ হতে যাচ্ছে, যা আইএলওর সব ১০টি মৌলিক কনভেনশন অনুসমর্থন করবে।” প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে ২৪ জুলাই উপদেষ্টা পরিষদের বৈঠকে এই তিনটি কনভেনশনে অনুসমর্থনের সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, স্বাক্ষরের পর তিন কনভেনশনের প্রমাণপত্র কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সুইজারল্যান্ডের জেনেভায় আইএলওর মহাপরিচালক গিলবার্ট এফ হাউংবোর কাছে পাঠানো হবে।
আইএলওর পরিচালনা পর্ষদের ৩৫৫তম অধিবেশন ১৭ থেকে ২৮ নভেম্বর জেনেভায় অনুষ্ঠিত হবে। এ অধিবেশনে শ্রম উপদেষ্টার নেতৃত্বে একটি দল অংশ নেবে। তখনও আইএলওর মহাপরিচালকের কাছে প্রমাণপত্র হস্তান্তর করা হতে পারে। আইএলও ১৯১৯ সালের ১৯ এপ্রিল ভার্সাই চুক্তি অনুযায়ী গঠিত হয়। বর্তমানে এর সদস্য সংখ্যা ১৮৭। এ পর্যন্ত বাংলাদেশ ৩৬টি কনভেনশন ও একটি প্রটোকলসহ ৮টি মৌলিক কনভেনশন অনুসমর্থন করেছে।
কনভেনশনগুলো সংক্ষেপে:
-
কনভেনশন ১৫৫: ১৯৮১ সালে গৃহীত। পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য নিশ্চিত করে। ৮৩টি দেশ এটি অনুসমর্থন করেছে। কর্মক্ষেত্রে নিরাপত্তা সংস্কৃতি গড়ে তোলার মাধ্যমে আন্তর্জাতিক ক্রেতা ও ব্র্যান্ডের আস্থা অর্জন সম্ভব।
-
কনভেনশন ১৮৭: ২০০৬ সালে গৃহীত। ৬৯টি দেশ এটি অনুসমর্থন করেছে। এটি কর্মক্ষেত্রে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তার মান উন্নয়নে সহায়তা করে।
-
কনভেনশন ১৯০: ২০১৯ সালে গৃহীত। ৪৯টি দেশ এটি অনুসমর্থন করেছে। এটি কর্মক্ষেত্রে সহিংসতা ও হয়রানি থেকে নারী ও শ্রমিকদের রক্ষা করে।

