দেশের ভোগ্যপণ্যের আমদানির ওপর নির্ভরতা দিনদিন বাড়ছে। চাহিদা মেটাতে ডাল, গম, ভুট্টা, ছোলা, মটর ডাল, দুগ্ধজাত খাবার, মধুসহ অন্তত ১০ ধরনের ভোগ্যপণ্য আমদানিতে আসছে। চিনি উৎপাদন সক্ষমতা থাকা সত্ত্বেও দেশের চিনি শতভাগ আমদানির ওপর নির্ভরশীল। এছাড়া স্থানীয়ভাবে বাকি পণ্যগুলোর উৎপাদন কম থাকায় প্রতি বছর ভোগ্যপণ্যের আমদানি ব্যয় বাড়ছে।
মোট আমদানির ৬৮ শতাংশই ভারত, চীন ও নিউজিল্যান্ডের ওপর নির্ভরশীল। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশের কনজিউমার রিলেটেড পণ্য আমদানি হয়েছে ২১১ কোটি ১২ লাখ ৮৪ হাজার ডলারে। ২০২৩ সালে এর পরিমাণ ছিল ২০১ কোটি ৪০ লাখ ৮০ হাজার ডলার। আমদানিকৃত পণ্যের ৬৮ শতাংশই তিন দেশ থেকে আসে।
ভারত থেকে আমদানির ভাগ ৩৫ শতাংশ, চীন থেকে ২২ শতাংশ এবং নিউজিল্যান্ড থেকে ১১ শতাংশ। ২০২২-২৩ ও ২০২৪-২৫ অর্থবছরে সবচেয়ে বেশি আমদানি হয়েছে চাল, গম, ডাল, চিনি, আদা, শিশু খাদ্য ও শুকনো মরিচ। উদাহরণস্বরূপ, ২০২২-২৩ অর্থবছরে ভারত থেকে ৩২৭ মিলিয়ন ডলারের চাল, ২২৪ মিলিয়নের গম, ৭৫ মিলিয়নের ছোলা ও ১২১ মিলিয়ন ডলারের শুকনো মরিচ আমদানি হয়েছে। দুই বছর পর, ২০২৪-২৫ অর্থবছরে এই তালিকায় ৪৫৬ মিলিয়ন ডলারের চাল, ১২০ মিলিয়ন ডলারের চিনি, ২০০ মিলিয়ন ডলারের পিঁয়াজ এবং ১১৩ মিলিয়ন ডলারের শুকনো মরিচের আমদানি বাড়ে।
চীন থেকেও ২০২৩-২৪ অর্থবছরে আমদানি হয়েছে ১৪৫ মিলিয়ন ডলারের রসুন, ২৭ মিলিয়ন ডলারের আদা, প্রায় ৭ মিলিয়ন ডলারের জিরা ও ১২ মিলিয়ন ডলারের দারুচিনি। ২০২৪-২৫ অর্থবছরে রসুনের আমদানি বেড়ে ৩৪ মিলিয়ন, আদা ৩০ মিলিয়ন এবং দারুচিনি ৯ মিলিয়ন ডলার হয়েছে। বিশ্লেষকরা মনে করেন, কৃষিজমি বিলুপ্তি, সঠিক গবেষণার অভাব, জলবায়ু পরিবর্তন এবং উৎপাদন সক্ষমতা হ্রাসের কারণে দেশের ভোগ্যপণ্যের উৎপাদন কমছে। এর ফলে আমদানির ওপর নির্ভরতা বৃদ্ধি পাচ্ছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, দেশে মোট জমির পরিমাণ তিন কোটি ৬৪ লাখ ৬৫ হাজার একর। এর মধ্যে দুই কোটি ৮১ হাজার একর চাষাবাদের আওতায় রয়েছে। এছাড়া প্রায় ছয় লাখ ৭১ হাজার একর জমি আবাদযোগ্য হলেও চাষে আসেনি। ২০২০ থেকে ২০২৩ সালের মধ্যে আবাদি জমি ১৯ দশমিক ৮৩ লাখ একরে নেমে এসেছে, যা আগে ছিল ২০ দশমিক শূন্য ৮ লাখ একর। তিন বছরে আবাদি জমি কমেছে ১ শতাংশ, যা গত এক দশকে সর্বোচ্চ হ্রাস। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট (এসআরডিআই) প্রকাশিত ‘বাংলাদেশের কৃষিজমি বিলুপ্তির প্রবণতা’ গবেষণা অনুযায়ী, ২০০০ সালের পরবর্তী ১২ বছরে প্রতিবছর ৬৮ হাজার ৭৬০ হেক্টর আবাদি জমি অকৃষি কাজে চলে গেছে।
বিশ্বব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, “চাহিদা অনুযায়ী ভোগ্যপণ্য উৎপাদনের সক্ষমতা আমাদের নেই। শুধু আমাদেরই নয়, বিশ্বের কোনো দেশই সব পণ্যের উৎপাদন করতে পারে না। উৎপাদনের খরচ বেশি হলে কম খরচে আমদানি করে চাহিদা পূরণই যুক্তিসঙ্গত। তবে রপ্তানি ও আমদানি ভারসাম্য বজায় রাখতে হবে। অন্যথায় খাদ্য চাহিদা পূরণ করতে গিয়ে দেশের ঋণ বেড়ে যাবে।

