হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে ৫১৬টি পোশাক কারখানার স্যাম্পল পুড়ে গেছে। এতে প্রাথমিক ক্ষতির পরিমাণ প্রায় আট মিলিয়ন ডলার, দেশীয় মুদ্রায় প্রায় ১০০ কোটি টাকা। তবে প্রকৃত ক্ষতি এক হাজার কোটি টাকার কম নয় বলে ধারণা করা হচ্ছে।
স্যাম্পল পুড়ে যাওয়ায় সরবরাহ চেইন ব্যাহত হবে। এর ফলে রপ্তানি কার্যক্রম অন্তত এক মাস পিছিয়ে পড়তে পারে। পোশাক খাতের রপ্তানিকারক সংগঠন বিজিএমইএর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ১৮ অক্টোবর দুর্ঘটনার পরপরই বিজিএমইএ সদস্য কারখানাগুলোর ক্ষয়ক্ষতির তথ্য চেয়েছিল। অনলাইনে তথ্য দেওয়ার জন্য একটি লিংকও শেয়ার করা হয়েছিল। গত বৃহস্পতিবার পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল, তবে রোববারও তথ্য নেওয়া হয়েছে।
গতকাল রোববার পর্যন্ত ৫১৬টি কারখানা তাদের ক্ষয়ক্ষতির তথ্য জানিয়েছে। এতে দেখা গেছে, সব কারখানার ক্ষতির পরিমাণ সমান নয়। সম্মিলিত ক্ষতির পরিমাণ ৮০ লাখ ডলার, যা স্থানীয় মুদ্রায় ৯৬ কোটি টাকা। হিসাব করা হয়েছে ডলারের বিপরীতে টাকার মূল্য ১২০ টাকা ধরে।
অগ্নিকাণ্ডে যেসব কারখানার কাঁচামালের ইউটিলাইজেশন ডিক্লারেশন (ইইডি) সংশোধনের প্রয়োজন, সেসব কারখানাকে জরুরি ভিত্তিতে সেবা দিচ্ছে বিজিএমইএ ও বিকেএমইএ। রপ্তানি আদেশ পাওয়ার পর শুল্কমুক্ত সুবিধায় কাঁচামাল আমদানির ইউডি সনদ সরকারের পক্ষ থেকে এই দুই সংগঠন দিয়ে থাকে।
প্রসঙ্গত, তৈরি পোশাক ছাড়া ওষুধ শিল্পের উদ্যোক্তারা কাঁচামাল আমদানির জন্য এবং কৃষিপণ্য রপ্তানিকারকরা বিশেষ করে শাকসবজি ও অন্যান্য পচনশীল পণ্য রপ্তানির জন্য কার্গো ভিলেজ ব্যবহার করেন। অগ্নিকাণ্ডের সময় এসব পণ্যও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ওষুধ ও কৃষিপণ্যের প্রকৃত ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, পোশাকের স্যাম্পল পুড়ে যাওয়ায় রপ্তানিতে লিড টাইম অন্তত এক মাস পেছনে পড়তে পারে। লিড টাইম হচ্ছে ব্র্যান্ড ক্রেতার কাছে স্যাম্পল পাওয়া থেকে শুরু করে চূড়ান্ত পণ্য উৎপাদন ও সরবরাহ শেষ হওয়া পর্যন্ত সময়। স্যাম্পল পুনরায় আনা, তৈরি করা এবং অনুমোদন নেওয়ায় এই সময় প্রয়োজন হবে।
বিজিএমইএর সিনিয়র সহসভাপতি ইনামুল হক খান বাবলু বলেন, ক্ষয়ক্ষতির হিসাব প্রাপ্ত হলেও প্রকৃত ক্ষতি এর চেয়ে বেশি হতে পারে। সব সদস্য কারখানা এখনও তথ্য দেয়নি। তিনি জানান, নিজের কারখানা অনন্ত অ্যাপারেলের স্যাম্পল ক্ষতি হয়েছে ৪০ হাজার ডলারের। এ ছাড়া আগুনে কাপড় ও সুতা, মান নিয়ন্ত্রণের স্যাম্পল এবং আন্তর্জাতিক কুরিয়ারের মাধ্যমে জরুরি ডকুমেন্টও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে রপ্তানির জন্য প্রস্তুত পণ্যের কোনো ক্ষতি হয়নি। তার কারখানার ৩৭ কোটি ডলারের পোশাক রপ্তানি হয়ে গেছে। অগ্নিকাণ্ড ঘটেছিল ১৮ অক্টোবর, দুপুর আড়াইটার দিকে। কার্গো ভিলেজ কমপ্লেক্সে আগুন ছয় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে। আগুন নেভাতে গিয়ে আনসার বাহিনীর ২৫ সদস্যসহ ৩৫ জন আহত হয়েছেন।
রপ্তানিকারকদের ধারণা, এই অগ্নিকাণ্ড পরিকল্পিত নাশকতা হতে পারে। কারণ স্পর্শকাতর স্থাপনায় এভাবে আগুন লাগার কোনো জোরালো কারণ নেই। এছাড়া মাত্র পাঁচ দিনের ব্যবধানে দুটি পোশাক কারখানাতেও আগুন লেগেছে। প্রকৃত কারণ জানতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

