সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে প্রায় ১০ হাজার বাংলাদেশি কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর কার্যক্রম শুরু হয়েছে। দীর্ঘ আড়াই বছর বন্ধ থাকার পর দেশটির শ্রমবাজার আবার চালু হওয়ায় নতুন করে বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম দফায় ১১২ জন কর্মী মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের জন্য দিনটি অত্যন্ত স্মরণীয়। মালয়েশিয়া সরকারের সহযোগিতায় দীর্ঘদিন বন্ধ থাকা শ্রমবাজার আবার চালু করা সম্ভব হয়েছে। প্রায় ১০ হাজার কর্মীকে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই দেশটিতে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য মালয়েশিয়া সরকারকে ধন্যবাদ জানান তিনি।
বিদেশগামী কর্মীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সুস্থতা কামনা করে প্রধানমন্ত্রী এ কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে মালয়েশিয়াগামী কর্মীদের সঙ্গে ছবি তোলেন তিনি।
অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীসহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা এবং সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সরকার জানিয়েছে, এ কর্মসূচির আওতায় আগামী ডিসেম্বরে আরও ২২৫ জন বাংলাদেশি কর্মীকে বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যে দেশটির চারটি প্রতিষ্ঠান থেকে মোট ১ হাজার ৪৮ জন কর্মী নিয়োগের সত্যায়িত চাহিদাপত্র পেয়েছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড।
প্রধানমন্ত্রী জানান, আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের কর্মীদের চাহিদা বাড়াতে তাঁদের দক্ষতা উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। বিদেশে কাজ করতে যাওয়ার আগে সংশ্লিষ্ট দেশের ভাষা শেখানোর ব্যবস্থাও করা হচ্ছে, যাতে কর্মীরা কর্মক্ষেত্রে সহজে মানিয়ে নিতে পারেন এবং নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেন।
প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তরের উদ্যোগ
এদিকে দেশের প্রাণিসম্পদ খাতকে আধুনিক, বিজ্ঞানভিত্তিক, উৎপাদনমুখী ও রপ্তানিমুখী শিল্প হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য হ্রাস এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতের উৎপাদন ও অর্থনৈতিক সম্ভাবনা বাড়াতে আধুনিক প্রযুক্তি, উন্নত জাতের পশুপাখি পালন, কৃত্রিম প্রজনন, টিকাদান এবং উন্নত খাদ্য ও খামার ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রাণিসম্পদ খাত থেকে চলতি বছরের মার্চ থেকে আগস্ট পর্যন্ত ছয় মাসে ১০৪ দশমিক ৬ মিলিয়ন মার্কিন ডলার আয় হয়েছে বলে জানান তিনি। এ খাতের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৬০ লাখ মানুষ যুক্ত রয়েছেন, যাঁদের প্রায় ৪০ শতাংশ নারী।
চলতি অর্থবছরে দেশের মোট দেশজ উৎপাদনে প্রাণিসম্পদ খাতের অবদান ১ দশমিক ৮১ শতাংশ এবং এ খাতের প্রবৃদ্ধির হার ৩ দশমিক ৩০ শতাংশ। অন্যদিকে কৃষিজ দেশজ উৎপাদনে এ খাতের অবদান ১৬ দশমিক ৫৬ শতাংশ।
প্রধানমন্ত্রী বলেন, খামারিদের প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ, আধুনিক প্রযুক্তি, উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য এবং প্রয়োজনীয় সরকারি সহায়তা নিশ্চিত করতে সরকার কাজ করছে। দেশের প্রাণী ও প্রাণিজ পণ্য আন্তর্জাতিক বাজারে রপ্তানির সুযোগ বাড়াতে খাদ্য নিরাপত্তা এবং আন্তর্জাতিক রোগনিয়ন্ত্রণ ও পৃথকীকরণসংক্রান্ত মানদণ্ড কঠোরভাবে অনুসরণ করার ওপরও গুরুত্ব দেন তিনি।
পোষা প্রাণীর অধিকার ও কল্যাণের বিষয়েও বক্তব্য দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, অনেক সময় অকারণে পশুপাখির ওপর নির্যাতন করা হয়। এ ধরনের আচরণ বন্ধ করতে পরিবার থেকেই শিশু-কিশোরদের প্রাণীর প্রতি সহানুভূতিশীল ও দায়িত্বশীল হওয়ার শিক্ষা দিতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে প্রাণীর প্রতি মমত্ববোধ তৈরি করা গেলে মানুষ ও অন্যান্য জীবের জন্য নিরাপদ পরিবেশ গড়ে তোলা সম্ভব হবে।
অনুষ্ঠানে জাতীয় প্রাণিসম্পদ পদকপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী তাঁদের অবদানকে দেশের এ খাতের অগ্রগতির স্বীকৃতি হিসেবে উল্লেখ করেন। খামারি, উদ্যোক্তা ও গবেষকদের মেধা ও শ্রম কাজে লাগিয়ে বাংলাদেশ আন্তর্জাতিক প্রাণিসম্পদ বাজারে একটি নির্ভরযোগ্য পরিচিতি অর্জন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানের একপর্যায়ে আটটি শ্রেণিতে ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় প্রাণিসম্পদ পদক দেওয়া হয়। স্বর্ণপদকপ্রাপ্তদের ৫০ হাজার টাকা এবং রৌপ্যপদকপ্রাপ্তদের ৩০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। পরে প্রধানমন্ত্রী প্রাণিসম্পদ প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এ ছাড়া সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং খাতসংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য দেন।

