শ্রমিকের সংজ্ঞা, ট্রেড ইউনিয়নে শ্রমিকের সংখ্যা এবং দ্বৈত প্রভিডেন্ট ফান্ড—শ্রম আইনের এই তিন ধারায় আপত্তি জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। সংশোধিত শ্রম আইন ২০২৫ পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
গতকাল মঙ্গলবার রাজধানীর বিজিএমইএ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিজিএমইএ নেতারা এই দাবি জানান। এ সময় এলডিসি গ্র্যাজুয়েশন তিন বছর পিছিয়ে দেওয়া ও বন্দরের বাড়তি মাশুল প্রত্যাহারের আহ্বান জানান ব্যবসায়ীরা।
সংবাদ সম্মেলনে বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান ক্ষোভ প্রকাশ করে বলেন, “বিদেশিদের পরামর্শে শ্রম আইন সংশোধন করছে সরকার। আমরা চার মাস ধরে সময় চেয়েও প্রধান উপদেষ্টার সাক্ষাৎ পাইনি। অথচ তিনি ১০০ মিলিয়ন ডলারের স্টারলিংকের ভাইস চেয়ারম্যানকে সময় দেন, ৪০ বিলিয়ন ডলারের প্রতিনিধিকে দেন না।” তিনি বলেন, শিল্প, শ্রমিক ও অর্থনীতির বাস্তব চাহিদা বিবেচনায় এমন একটি আইন প্রণয়ন করা দরকার, যা দেশের শিল্প খাতের প্রতিযোগিতামূলক সক্ষমতা নষ্ট না করে টেকসই উন্নয়নে সহায়তা করবে।
বিজিএমইএ সভাপতি আরও বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের রপ্তানিমুখী শিল্প খাত নানা চ্যালেঞ্জের মুখে। শ্রম আইন সংস্কার জরুরি, তবে তা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। আইন এমনভাবে প্রণয়ন করতে হবে, যাতে এটি টেকসই বৃদ্ধি ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের অবস্থান শক্তিশালী করে।
তিনি সরকারের প্রতি গ্যাস-সংকট নিরসন, কাস্টমস ও এনবিআর প্রক্রিয়া সহজীকরণ, অবকাঠামো উন্নয়ন এবং স্বল্প ব্যয়ে অর্থায়নের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। মাহমুদ হাসান খান বলেন, “রপ্তানিমুখী শিল্প খাত প্রস্তুত না হওয়া পর্যন্ত এলডিসি উত্তরণের সময়সীমা অন্তত তিন বছর পিছিয়ে দেওয়া হোক। সরকার যদি উচ্চ সুদহার, গ্যাস-বিদ্যুৎ সংকট ও লজিস্টিক সমস্যার সমাধান করে, তাহলে আগামী বছরই আমরা গ্র্যাজুয়েশনে রাজি।”
ব্যবসায়ীরা অভিযোগ করেন, সরকার দেশের উদ্যোক্তাদের চেয়ে বিদেশিদের পরামর্শকেই বেশি গুরুত্ব দিচ্ছে। তাঁরা বলেন, শিল্পখাতের বাস্তবতা বিবেচনা না করলে আইন বিনিয়োগ ও কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব ফেলবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়ে বিজিএমইএ সভাপতি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্থিতিশীল অর্থনীতি গড়তে হলে শিল্প খাতের বাস্তব চাহিদা ও আন্তর্জাতিক প্রতিযোগিতা বিবেচনায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।
বন্দর ও মাশুল ইস্যুতে অসন্তোষ:
বিজিএমইএ জানায়, সরকার চট্টগ্রাম বন্দরের কনটেইনার ব্যবস্থাপনা বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দিতে যাচ্ছে। আগামী ডিসেম্বরের মধ্যে চট্টগ্রামসহ তিনটি বন্দর তাদের কাছে হস্তান্তর হবে। এজন্য ১৯৮০ সাল থেকে অপরিবর্তিত মাশুল ফি ৪১ শতাংশ বাড়ানো হচ্ছে।
এ প্রসঙ্গে মাহমুদ হাসান খান বলেন, “আমরা বলেছি, আগে কনটেইনার ব্যবস্থাপনা সক্ষমতা বাড়ানো হোক, তারপর চার্জ বাড়ানো যেতে পারে। একসঙ্গে না বাড়িয়ে ধাপে ধাপে ১০ শতাংশ হারে বাড়ানো যৌক্তিক।” তিনি জানান, চট্টগ্রাম বন্দর ইতিমধ্যেই বছরে প্রায় দুই হাজার কোটি টাকা মুনাফা করছে। “তাহলে কেন চার্জ বাড়ানো দরকার?”—প্রশ্ন রাখেন তিনি।
বিজিএমইএর দাবি, চট্টগ্রাম বন্দর সেবা ফি ডলারে নির্ধারিত। ১৯৮৬–৮৭ অর্থবছরে প্রতি ডলারের হার ছিল ২৯ টাকা ৮৯ পয়সা, বর্তমানে তা ১২২ টাকার বেশি। ফলে টাকায় হিসাব করলে গত ৪০ বছরে সেবা ফি ৩০৮ শতাংশ বেড়েছে। মাহমুদ হাসান খান জানান, গত এক বছরে পোশাক খাতে ২৫৮টি কারখানা বন্ধ হয়েছে। “এটি চলমান প্রক্রিয়া, নানা কারণে কারখানা বন্ধ হয়। পৃথকভাবে বিশ্লেষণ করলে কারণ জানা যাবে,” বলেন তিনি।
তিনটি আপত্তির বিষয়:
১. ট্রেড ইউনিয়ন গঠন: বিজিএমইএর অভিযোগ, ট্রেড ইউনিয়ন গঠনে শ্রমিকের সংখ্যা নির্ধারণে টিসিসি ও ওয়ার্কিং কমিটির প্রস্তাব উপেক্ষা করে সরকার একতরফাভাবে সিদ্ধান্ত নিয়েছে। আগে ৫০ থেকে ৫০০ শ্রমিকের কারখানায় ৫০ জনের সম্মতিতে ইউনিয়ন গঠনের সুযোগ ছিল। নতুন সিদ্ধান্তে এটি ২০ থেকে ৩০০ শ্রমিকে নামানো হয়েছে। বিজিএমইএর মতে, মাত্র ২০ জন শ্রমিক দিয়ে ইউনিয়ন গঠন করলে তা অন্তর্দ্বন্দ্ব ও অস্থিতিশীলতা বাড়াবে।
২. ভবিষ্যৎ তহবিল ও পেনশন: টিসিসির আলোচনায় সিদ্ধান্ত হয়েছিল—প্রতিষ্ঠান চাইলে ভবিষ্যৎ তহবিল বা প্রগতি, যেকোনো একটি স্কিম বেছে নিতে পারবে। কিন্তু এখন শ্রমিক চাইলে উভয় স্কিমে অংশ নিতে পারবে, যা উদ্যোক্তাকে দুটি আর্থিক ব্যবস্থা একসঙ্গে চালাতে বাধ্য করবে। এতে প্রশাসনিক জটিলতা ও ব্যয় বাড়বে।
৩. শ্রমিকের সংজ্ঞা: নতুন আইনে শ্রমিকের সংজ্ঞায় ‘কর্মচারী/কর্মকর্তা’ যুক্ত করায় প্রশাসনিক ও শ্রমিক স্তরের সীমারেখা ভেঙে যাবে। এতে সিদ্ধান্ত গ্রহণে বিশৃঙ্খলা ও দায়িত্ব বণ্টনে বিভ্রান্তি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে সংগঠনটি।
সংবাদ সম্মেলনে বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, আলোচনার সময় শ্রমিকের সংজ্ঞা নিয়ে একমত হওয়ার পরও সেটি পরিবর্তন করা হয়েছে। তিনি বলেন, “আমরা প্রস্তাব দিয়েছিলাম যে, ঠিকাদার বা অন্য যেকোনো মাধ্যমে অর্থের বিনিময়ে কাজ করা ব্যক্তি শ্রমিকের অন্তর্ভুক্ত হবে। কিন্তু পরে সংজ্ঞায় ‘কর্মকর্তা-কর্মচারী’ যোগ করা হয়েছে, যা বিভ্রান্তি তৈরি করছে।”
বিজিএমইএ ও বিকেএমইএ উভয় সংগঠনই সরকারের সঙ্গে গঠনমূলক সংলাপের আহ্বান জানিয়েছে। তাঁদের মতে, শিল্পের অংশীদারদের মতামত বিবেচনায় নিয়ে আইন সংশোধন না হলে তা বিনিয়োগ, উৎপাদন ও কর্মসংস্থানের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।

