বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটের টিকিটের দাম কৃত্রিমভাবে বাড়ানোর অভিযোগে সাতটি জেনারেল সেলস এজেন্ট এবং ২৭টি ট্রাভেল এজেন্সিকে প্রতিযোগিতা আইন লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করেছে।
কমিশনের প্রাথমিক তদন্তে দেখা গেছে, ২০২৪ সালের ডিসেম্বর থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত এসব প্রতিষ্ঠান টিকিটের কৃত্রিম সংকট তৈরি করে দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি করেছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রবাসী শ্রমিক ও ওমরাহ যাত্রীরা। আজ ৩৪টি অভিযুক্ত প্রতিষ্ঠানের সব প্রতিনিধিকে কমিশনের কার্যালয়ে শুনানিতে উপস্থিত হতে নোটিশ দেওয়া হয়েছে। কেউ উপস্থিত না হলে তাদের অনুপস্থিতিতেই বিচার প্রক্রিয়া চলবে বলে কমিশন জানিয়েছে।
প্রাথমিক তদন্তে প্রমাণ:
কমিশনের দুই সদস্যের তদন্ত কমিটি—সহকারী পরিচালক মো. আদনান আরিফ ও উপপরিচালক দিনেশ সরকার—বিক্রয় রেকর্ড, বাজার তথ্য ও গণমাধ্যমের প্রতিবেদন বিশ্লেষণ করে দেখেছে, কয়েকটি জেনারেল সেলস এজেন্ট ও ট্রাভেল এজেন্সি গ্রুপ বুকিং করে বিপুলসংখ্যক টিকিট আগাম ব্লক করেছে এবং পরে দ্বিগুণ বা তিনগুণ দামে বিক্রি করেছে।
ঢাকা থেকে জেদ্দা, রিয়াদ, মদিনা ও দাম্মাম রুটে টিকিটের দাম ওই তিন মাসে প্রতি টিকিটে ১ লাখ ৯০ হাজার টাকা পর্যন্ত পৌঁছেছিল। সরাসরি কোনো এয়ারলাইনকে অভিযুক্ত করার প্রমাণ না পাওয়া গেলেও কমিশন জানিয়েছে—বিক্রয় এজেন্টদের কর্মকাণ্ড বাজারে কৃত্রিম সংকট তৈরি করেছে। ২০ অক্টোবরের নোটিশে কমিশন উল্লেখ করেছে: “আপনার প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতিযোগিতা আইন লঙ্ঘনের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে, যা শাস্তিযোগ্য অপরাধ।”
অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ:
জেনারেল সেলস এজেন্ট: এয়ার গ্যালাক্সি লিমিটেড, ইউনাইটেড লিংক লিমিটেড, ওয়ান ওয়ার্ল্ড এভিয়েশন লিমিটেড, স্কাই এভিয়েশন সার্ভিসেস লিমিটেড, আই-বিজনেস হোল্ডিংস লিমিটেড, স্কাইজেট এভিয়েশন ও অ্যারোউইং এভিয়েশন লিমিটেড।
ট্রাভেল এজেন্সি: কাজী এয়ার ইন্টারন্যাশনাল, সিটিকম ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সি, কিং এয়ার এভিয়েশন, মেগা ইন্টারন্যাশনাল এয়ার সার্ভিস, মাদার লাভ এয়ার ট্রাভেলস, জেএস ট্রাভেল অ্যান্ড ট্যুরস, ট্রাভেল চ্যাম্প লিমিটেড, ইলহাম ট্রাভেল কর্পোরেশন, হাজী এয়ার ট্রাভেলস লিমিটেড, গালফ ট্রাভেলস, আল-গাজি ট্রাভেলস, ফ্লাই ফেয়ার ট্রাভেলস ও অন্যান্য। বেবিচক ও বাণিজ্য মন্ত্রণালয় পরিচালিত সরকারি তদন্ত কমিটিও একই ধরনের অনিয়মের প্রমাণ পেয়েছে।
অভিযুক্ত জেনারেল সেলস এজেন্টরা অভিযোগ অস্বীকার করেছে। আহমেদ ইউসুফ ওয়ালিদ, সাউদিয়া ও কাতার এয়ারওয়েজের প্রতিনিধি ও এয়ারলাইনস জিএসএ ফোরামের আহ্বায়ক বলেন, “আমাদের বিরুদ্ধে টিকিটের দাম বাড়ানোর অভিযোগ ভিত্তিহীন। জিএসএ-এর কোনো এখতিয়ার নেই। দাম নির্ধারণ করে এয়ারলাইনস, আমরা শুধু বিক্রি করি। হাজী এয়ার ট্রাভেলের এমডি নির্মল চন্দ্র বৈরাগী বলেন, “আমি কোনো গ্রুপ টিকিট বিক্রি করি না, ওমরাহ প্যাকেজও করি না। তবু ডাকা হয়েছে, শুনানিতে বক্তব্য দেব।
মো. আদনান আরিফ জানান, প্রাথমিক অনুসন্ধানের পর প্রয়োজনে নতুন তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত শেষে দোষ প্রমাণিত হলে কমিশন জরিমানা বা অন্যান্য নির্দেশনা দিতে পারে। কমিশন আইন অনুযায়ী, কোনো প্রতিষ্ঠানের বার্ষিক টার্নওভারের ১০ শতাংশ পর্যন্ত জরিমানা আরোপ করতে পারে।
টিকিটের দাম কারসাজি নিয়ে তথ্য:
প্রাথমিক তদন্তে দেখা গেছে, বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইনের স্থানীয় বিক্রয় এজেন্টরা বিপুলসংখ্যক টিকিট “গ্রুপ বুকিং” করে ব্লক করেছে এবং পরে দ্বিগুণ-তিনগুণ দামে বিক্রি করেছে। এতে ওমরাহ যাত্রী, প্রবাসী শ্রমিক, শিক্ষার্থী ও প্রবাসী পরিবার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
সরকারের নির্দেশনা ও জ্বালানি তেলের দাম কমলেও মধ্যপ্রাচ্যের রুটে টিকিটের কারসাজি এখনও বন্ধ হয়নি। ১১ ফেব্রুয়ারি মন্ত্রণালয় নির্দেশ দেয়, সব টিকেট বুকিংয়ে যাত্রীর নাম, পাসপোর্ট নম্বর ও কপি সংযুক্ত করতে হবে এবং তিন দিনের মধ্যে টিকিট ইস্যু না হলে বুকিং বাতিল করতে হবে। তবু অনেক বিদেশি এয়ারলাইন এখনো নিয়ম মানছে না। ঢাকা থেকে জেদ্দার ওয়ান-ওয়ে টিকিটের দাম প্রায় ৭০ হাজার টাকা, যেখানে জেদ্দা থেকে ঢাকার টিকিট মাত্র ২৫ হাজার টাকা। ট্রাভেল এজেন্টরা বলছেন, ‘বাল্ক কেনাবেচা’ ও পুনর্বিক্রয় নিয়ম ঠিকভাবে মানলে দাম আরও কমতে পারত। ২১ আগস্টে মন্ত্রণালয় সতর্ক করেছে—অযৌক্তিক ভাড়া বৃদ্ধি বা প্রতারণামূলক কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মধ্যপ্রাচ্য রুটে কাতার, রিয়াদ, জেদ্দা, দাম্মাম, মদিনা, দুবাই ও আবুধাবি রুটে ভাড়ার চাপ এখনো বেশি। অন্যদিকে মালয়েশিয়া ও থাইল্যান্ডের মতো গন্তব্যে ভাড়া স্থিতিশীল রয়েছে।

