অর্থনৈতিক অনিশ্চয়তা এবং পর্যাপ্ত সুবিধার অভাব কর্মীদের কাজের আগ্রহ ও উৎপাদনশীলতা কমাচ্ছে। একই সঙ্গে এটি তাদের মানসিক স্বাস্থ্যের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে। এমন পরিস্থিতি মোকাবিলায় শক্তিশালী ও কর্মমুখী পরিবেশ গড়ে তোলা প্রতিষ্ঠানগুলোর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
মেটলাইফ বাংলাদেশ সম্প্রতি প্রথমবারের মতো ‘এমপ্লয়ি বেনিফিট ট্রেন্ডস স্টাডি’ (ইবিটিএস) শীর্ষক গবেষণা চালিয়েছে। এতে দেশের বেসরকারি খাতের ৫৭১ জন কর্মী এবং ১৪২টি নিয়োগদাতা প্রতিষ্ঠানের মতামত অন্তর্ভুক্ত হয়েছে। গবেষণার লক্ষ্য ছিল, কর্মীদের আর্থিক ও অনার্থিক সুবিধা আরও কার্যকরভাবে ডিজাইন করার মাধ্যমে তাদের কল্যাণ ও উৎপাদনশীলতা বৃদ্ধি করা।
গতকাল রাজধানীর হোটেল ওয়েস্টিনে আনুষ্ঠানিকভাবে এই গবেষণার ফলাফল প্রকাশ করা হয়। অনুষ্ঠানে বেসরকারি খাতের শীর্ষ কর্মকর্তা এবং বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মেটলাইফ বাংলাদেশের সিইও আলা আহমদ বলেন, “আমাদের গবেষণায় দেখা গেছে, আর্থিক চাপ এবং পর্যাপ্ত সুবিধার অভাব কর্মীদের মনোবল ও উৎপাদনশীলতা কমায়। কর্মীদের জন্য যত্নশীল সংস্কৃতি, বিস্তৃত সুবিধা এবং ভালো যোগাযোগ তাদের আনুগত্য বাড়ায় এবং দীর্ঘমেয়াদি উন্নয়নের মূল চালিকাশক্তি হিসেবে কাজ করে।”
জরিপে দেখা গেছে, ৫৬ শতাংশের বেশি কর্মী মনে করেন আর্থিক দুশ্চিন্তা তাদের কাজের প্রভাব ফেলে। ৪১ শতাংশের মতে, আর্থিক চাপ মানসিক অসুস্থতার সঙ্গে যুক্ত। তবে ৬৭ শতাংশ কর্মী তাদের বর্তমান আর্থিক অবস্থায় আত্মবিশ্বাসী। এছাড়া ৫৩ শতাংশের বেশি কর্মীর কোনো অবসরের পরিকল্পনা নেই, আর প্রায় অর্ধেক চাইছেন নিয়োগদাতা তাদের অবসর-পরবর্তী সঞ্চয় ও আয়ের জন্য সহায়তা করবে।
গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশি বেসরকারি খাত এখন গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়েছে। জীবনযাত্রার ব্যয়, চাকরির প্রতিযোগিতা এবং মানসিক চাপ কর্মীদের ওপর সরাসরি প্রভাব ফেলছে। কর্মীরা এখন শুধুই বেতন নয়, সার্বিক কল্যাণও চান। প্রতিবেদন উপস্থাপনের পর প্যানেল আলোচনা হয়। এতে অংশ নেন সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন, গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান, ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ, স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয়, এবং মেটলাইফ বাংলাদেশের সিইও আলা আহমদ।
জরিপে ৭২ শতাংশ কর্মী বলেছেন, প্রতিষ্ঠান তাদের যত্ন নিলেও সার্বিক কল্যাণে ঘাটতি রয়েছে। ৭৮ শতাংশ মনে করেন, বীমা ও মানসিক স্বাস্থ্যের সুবিধা তাদের আনুগত্য বাড়ায়। নিয়োগদাতাদের মধ্যে ৫৬ শতাংশ বলছেন, কর্মীদের উৎপাদনশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ৪৯ শতাংশের মতে, কর্মীদের সম্পৃক্ততা ধরে রাখা কঠিন হয়ে উঠেছে। গত এক বছরে ৫১ শতাংশ প্রতিষ্ঠান দক্ষ কর্মীদের ধরে রাখতে এবং মনোবল বাড়াতে সুবিধা প্রদানে বিনিয়োগ বাড়িয়েছে। ৭৮ শতাংশ নিয়োগদাতা মনে করেন, কর্মীদের সুবিধা প্রদান কর্মস্থলের সংস্কৃতিতে ইতিবাচক প্রভাব ফেলে।

