দেশের সোনার বাজারে হঠাৎ করেই নেমে এসেছে বড় ধাক্কা। টানা তিন দিনের ব্যবধানে প্রতি ভরি সোনার দাম কমেছে প্রায় ১৫ হাজার টাকা। এত দ্রুত দামের পতনে দীর্ঘ সময় পর ২২ ক্যারেট মানের এক ভরি সোনা ২ লাখ টাকার নিচে নেমে এসেছে।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে সোনার দামের বড় ধরনের পতনের প্রভাবই দেশের বাজারে সবচেয়ে বেশি পড়েছে। বিশ্ববাজারে বর্তমানে প্রতি আউন্স সোনার দাম নেমে এসেছে ৪ হাজার ডলারের নিচে। ফলে স্থানীয় পাইকারি বাজারে তেজাবি বা খাঁটি সোনার দামও কমতে শুরু করেছে।
গতকাল মঙ্গলবার রাতে বাজুস হঠাৎ করেই একলাফে সোনার দাম ভরিপ্রতি ১০ হাজার ৪৭৪ টাকা কমানোর ঘোষণা দেয়। আজ বুধবার থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে। এতে ভালো মানের ২২ ক্যারেট সোনার এক ভরির দাম দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ৯৩ হাজার ৮০০ টাকায়।
এর আগের দুই দিনেও ধাপে ধাপে কমানো হয়েছিল দাম। ২৭ অক্টোবর ভরিপ্রতি ১ হাজার ৩৯ টাকা, আর তার আগের দিন ৩ হাজার ৬৭৪ টাকা কমানো হয়। গত সপ্তাহে (২৪ অক্টোবর) একবারে কমানো হয়েছিল ৮ হাজার ৩৮৬ টাকা। সব মিলিয়ে চার দফায় ভরিপ্রতি মোট কমেছে প্রায় ২৩ হাজার ৫০০ টাকারও বেশি।
নতুন দামের হিসাব অনুযায়ী—
-
২১ ক্যারেটের এক ভরির দাম এখন ১ লাখ ৮৫ হাজার ৩ টাকায় নেমে এসেছে,
-
১৮ ক্যারেটের সোনা বিক্রি হবে ভরিপ্রতি ১ লাখ ৫৮ হাজার ৫৭২ টাকায়,
-
আর সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারিত হয়েছে ১ লাখ ৩১ হাজার ৬২৮ টাকা।
তবে সোনার এই বড় পতনের মাঝেও রুপার বাজারে কোনো পরিবর্তন হয়নি। আগের মতোই ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ২৪৬ টাকায়।
সোনার এই ধারাবাহিক দামের পতন নিয়ে জুয়েলারি ব্যবসায়ীরা বলছেন, বাজার এখন অনেকটাই অস্থির। বিশ্ববাজারে ডলার ও সুদের হার ওঠানামার প্রভাবে সোনার দামে এই রকম দ্রুত পরিবর্তন ঘটছে।

