বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) দেশের বাস্তবতা বিবেচনা করে ‘বাংলাদেশ শ্রম সংশোধন অধ্যাদেশ ২০২৫’ পুনর্বিবেচনা, চট্টগ্রাম বন্দরের দক্ষতা উন্নয়ন এবং এলডিসি গ্র্যাজুয়েশন তিন বছর পিছিয়ে দেওয়ার জন্য জোরালো আহ্বান জানিয়েছে।
গতকাল মঙ্গলবার বিজিএমইএ কমপ্লেক্সের নুরুল কাদের অডিটরিয়ামে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়। বিজিএমইএ সভাপতি গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, সদ্য অনুমোদিত শ্রম সংশোধন অধ্যাদেশের কিছু ধারা, বিশেষ করে ট্রেড ইউনিয়ন গঠন, দ্বৈত পেনশন স্কিম এবং শ্রমিক সংজ্ঞায়িত করার বিষয়গুলো দেশের বাস্তবতা ও আর্থসামাজিক প্রেক্ষাপটের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তিনি বলেন, “এই ধারাগুলো কার্যকর হলে শিল্পে অস্থিতিশীলতা তৈরি হবে, উৎপাদন ব্যাহত হবে এবং বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশের সক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।”
সভায় তিনি আরও উল্লেখ করেন, দেশের পোশাকশিল্পসহ উৎপাদনমুখী শিল্পগুলো বর্তমানে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বিরল চ্যালেঞ্জের মুখে রয়েছে। এমন পরিস্থিতিতে সরকার শ্রম আইন সংশোধন অধ্যাদেশে নীতিগত ও চূড়ান্ত অনুমোদন প্রদান করেছে। বিজিএমইএ সভাপতির মতে, টিসিসি ও ওয়ার্কিং কমিটিতে দীর্ঘ আলোচনার পর ট্রেড ইউনিয়ন গঠনের জন্য ধাপে ধাপে শ্রমিক সংখ্যা নির্ধারণে একটি ভারসাম্যপূর্ণ প্রস্তাব গৃহীত হয়েছিল। প্রথম ধাপে ৫০ থেকে ৫০০ শ্রমিকের কারখানায় ন্যূনতম ৫০ জন শ্রমিকের সম্মতিতে ইউনিয়ন গঠনের সুযোগ রাখা হয়েছিল। কিন্তু পরে উপদেষ্টা পরিষদের সভায় একতরফাভাবে সেটি পরিবর্তন করে ২০-৩০০ শ্রমিক নির্ধারণ করা হয়েছে এবং ধাপ করা হয়েছে পাঁচটি।
বিজিএমইএ নেতা এই একতরফাভিত্তিক পরিবর্তনকে অযৌক্তিক হিসেবে আখ্যায়িত করেন এবং সরকারের কাছে পুনর্বিবেচনার দাবি জানান। তিনি বলেন, “এই সিদ্ধান্ত বাস্তবতা থেকে দূরে। মাত্র ২০ জন শ্রমিক দিয়ে একটি ইউনিয়ন গঠন করলে কারখানায় এমন ব্যক্তিরা ট্রেড ইউনিয়নে অংশগ্রহণ করবেন, যারা ওই শিল্পের সঙ্গে সরাসরি সম্পর্কিত নন। এটি শিল্পে অন্তর্দ্বন্দ্ব ও অস্থিতিশীলতা তৈরি করবে। উৎপাদন ব্যাহত হবে। বিনিয়োগকারীদের আস্থা কমবে এবং উদ্যোক্তারা নতুন প্রতিষ্ঠান স্থাপন বা পরিচালনায় নিরুৎসাহিত হবেন।”
তিনি আরও বলেন, বন্দরের মাশুল বৃদ্ধি অযৌক্তিক। ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে গত ৪০ বছরে টাকার অঙ্কে মাশুল ইতিমধ্যেই ৩০৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তাই তারা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন যে, মাশুল না বাড়িয়ে বরং বন্দরের দক্ষতা বৃদ্ধি করতে হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত বিভিন্ন বাণিজ্য সংগঠনের নেতারা জানান, বন্দরের সেবার বিপরীতে প্রায় ৪১ শতাংশ মাশুল বৃদ্ধির ফলে শিল্পের পরিচালন ব্যয় আরও বাড়বে। মাহমুদ হাসান খান সরকারের প্রতি আহ্বান জানান, গ্যাসসংকট দ্রুত সমাধান করতে, কাস্টমস ও এনবিআরের প্রক্রিয়া সহজ করতে, অবকাঠামো ও লজিস্টিক উন্নয়ন করতে এবং স্বল্প ব্যয়ে অর্থায়নের ব্যবস্থা নিতে।
বিজিএমইএ সভাপতি বলেন, “আমাদের প্রতিযোগী সক্ষমতা ধরে রাখতে এবং এলডিসি গ্র্যাজুয়েশনের পথ মসৃণ করতে সরকারকে সময়োপযোগী উদ্যোগ নিতে হবে। আমরা অনুরোধ করছি, রপ্তানিমুখী শিল্প খাত পুরোপুরি প্রস্তুত না হওয়া পর্যন্ত এলডিসি উত্তরণের সময়সীমা অন্তত তিন বছর পিছিয়ে দেওয়া হোক।”
তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও তার উপদেষ্টা পরিষদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “ভবিষ্যৎ প্রজন্মকে একটি স্থিতিশীল ও উন্নত অর্থনীতি উপহার দিতে হলে উৎপাদনমুখী শিল্পের বাস্তব চাহিদা এবং আন্তর্জাতিক প্রতিযোগিতার বাস্তবতা বিবেচনা করে দ্রুত ইতিবাচক ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।”
বিজিএমইএ সভাপতি আরো বলেন, “প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে তৈরি পোশাক শিল্পের সমস্যা তুলে ধরার জন্য চার মাস ধরে সাক্ষাতের অনুরোধ করেছি, কিন্তু এখনও কোনো সময় পাইনি। কোনো নেগোসিয়েশন করতে হলে তার সঙ্গে বসতেই হয়। তিনি যদি সময় না দেন, আমরা কীভাবে আলোচনার সুযোগ পাব?” তিনি আরও উল্লেখ করেন, “স্টারলিংকের কোম্পানি স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট এলে প্রধান উপদেষ্টা তার সঙ্গে সাক্ষাৎ করেন। সেই কোম্পানি ১০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করতে চায়। অথচ ৪০ বিলিয়ন ডলারের খাতের প্রতিনিধিদের সঙ্গে দেখা করছেন না।”
দেশের ব্যবসায়ীদের চেয়ে বিদেশিদের কথায় বেশি গুরুত্ব দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম। তিনি বলেন, “আমরা আমাদের সমস্যাগুলো সরকারকে জানাতে চেয়েও বারবার ব্যর্থ হয়েছি।”
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “চট্টগ্রাম বন্দর প্রতিবছর ভালো মুনাফা করছে। সর্বশেষ বছরে এটি ২ হাজার কোটি টাকার বেশি মুনাফা করেছে। তারপরও সরকার বিভিন্ন পণ্য সেবার মাশুল একলাফে ৪১ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এটি ৫-১০ শতাংশ বাড়ানো যেত। একলাফে ৪১ শতাংশ বাড়ানো কোনোভাবেই যৌক্তিক নয়।” তিনি আরও বলেন, “বিদেশি কোনো পক্ষকে বন্দর দেওয়ায় যদি পরিচালন খরচ কমে না, তাহলে আমাদের স্বার্থ কী হবে? বিদেশি একটি পক্ষকে বন্দর পরিচালনার দায়িত্ব দেওয়া হচ্ছে, অথচ খরচ কমার বদলে মাশুল বাড়ানো হচ্ছে। এটি হওয়া উচিত নয়।”
সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান সভাপতিত্ব করেন। অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বাণিজ্য সংগঠনের নেতাদের মধ্যে ছিলেন: বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) এর সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ), বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম, বাংলাদেশ গার্মেন্টস অ্যাক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএপিএমইএ) এর সভাপতি মো. শাহরিয়ার, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) এর সভাপতি তাসকীন আহমেদ, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এলএফএমইএবি) এর সিনিয়র সহসভাপতি মোহাম্মদ নাজমুল হাসান, বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির (বাপি) সিইও মেজর জেনারেল (অব.) মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ।

