বিদ্যুৎ ও জ্বালানি খাতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার বৈদেশিক ঋণ রেখে যায় ৩.২ বিলিয়ন ডলার, যা প্রায় ৩৯ হাজার কোটি টাকা। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর চলতি বছরের এপ্রিল পর্যন্ত এর মধ্যে ২৯ হাজার কোটি টাকা পরিশোধ করেছে। তারপরও এ খাতের আরো বৈদেশিক ঋণ পরিশোধ হয়েছে।
বৈদেশিক ঋণের পাশাপাশি স্থানীয় বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া বিল পরিশোধে আওয়ামী লীগ সরকারের সময়ে নেওয়া বিশেষ বন্ডের উদ্যোগও অব্যহত রেখেছে অন্তর্বর্তী সরকার। সার ও বিদ্যুতের জন্য জারি হওয়া ২৬ হাজার ৫০০ কোটি টাকার বন্ডের বড় অংশই বিদ্যুতের বকেয়া বিল মেটাতে ব্যবহার হচ্ছে। তবে বকেয়া পরিশোধের চেষ্টা থাকা সত্ত্বেও স্থানীয় বিদ্যুৎ কোম্পানিগুলোর বকেয়া ক্রমেই বাড়ছে। বর্তমানে বিপিডিবির কাছে বেসরকারি বিদ্যুৎ কোম্পানিগুলোর অন্তত ২০ হাজার কোটি টাকার বকেয়া জমেছে।
বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র মালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, চলতি বছরের মার্চ থেকে তাদের বিদ্যুৎ বিল নিয়মিত পরিশোধ হচ্ছে না। এতে বেসরকারি বিদ্যুৎ কোম্পানিগুলোর বিপুল অর্থ বকেয়া হিসেবে জমা হয়েছে। বিশেষ করে ফার্নেস অয়েলচালিত বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া ৬–৭ হাজার কোটি টাকা। বাকি বকেয়া বিল গ্যাস ও কয়লাভিত্তিক কেন্দ্রের। বকেয়া বিলের কারণে বিদ্যুৎ কেন্দ্রগুলো ঋণ পরিশোধ, কেন্দ্র মেরামত এবং জ্বালানি বিল পরিশোধে জটিলতায় পড়ছে, জানিয়েছে বিদ্যুৎ কেন্দ্র সংশ্লিষ্ট সূত্রগুলো।
দেশের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় সরকারি বিদ্যুৎ কেন্দ্রের পাশাপাশি বেসরকারি কোম্পানিগুলোও বিদ্যুৎ সরবরাহ করছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (বিপিডিবি)। তবে বিদ্যুৎ বিক্রির বিপুল পরিমাণ বকেয়া আবারও সংস্থার কাছে জমেছে। চলতি বছরের মার্চ থেকে নিয়মিত বিল পরিশোধ না হওয়ায় আইপিপিগুলো (ইনডিপেনডেন্ট পাওয়ার প্রডিউসারস) বিপিডিবির কাছে অন্তত ২০ হাজার কোটি টাকা বকেয়া পাবে। ফলে তারা কেন্দ্রের ঋণ পরিশোধ, জ্বালানি আমদানি এবং স্থানীয় গ্যাস কোম্পানিগুলোর বিল পরিশোধ করতে পারছে না।
জানা গেছে, আইপিপিগুলো প্রতি মাসে বিপিডিবির কাছে গড়ে ৩ হাজার কোটি টাকার বেশি বিদ্যুৎ বিক্রি করে। মার্চ থেকে বকেয়া শুরু হওয়ায় এখন তা অন্তত ২০ হাজার কোটি টাকায় পৌঁছেছে। বিশেষ করে ফার্নেস অয়েলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া ৬–৭ হাজার কোটি টাকা। বাকি বকেয়া বিলগুলো কয়লা, গ্যাস ও অন্যান্য জ্বালানিভিত্তিক কেন্দ্রের। বিষয়টি নিয়ে নাম অপ্রকাশিত রাখার শর্তে বিপিডিবির এক কর্মকর্তা বলেন, “বিদ্যুৎ বিল পরিশোধ হচ্ছে। তবে বকেয়ার পরিমাণ অনুযায়ী পরিশোধ সম্ভব হচ্ছে না। বিষয়টি মূলত অর্থ মন্ত্রণালয়ের ওপর নির্ভর করছে। ভর্তুকির টাকা চাহিদা অনুযায়ী না দেওয়া হলে বিল পরিশোধ অসম্ভব।” বিদ্যুতের স্থানীয় বকেয়া বিল বিষয়ে জানতে বিপিডিবির চেয়ারম্যান প্রকৌশলী রেজাউল করিমের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগের চেষ্টা করেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।
দেশের বিদ্যুতের বকেয়া বিল পরিশোধের জন্য ২০২৪-২৫ অর্থবছরে বিদ্যুতের ভর্তুকি বাড়িয়ে ৬২ হাজার কোটি টাকা করা হয়। মূলত বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোর বিল পরিশোধে ওই অর্থবছরে সংশোধিত বাজেটে ২২ হাজার কোটি টাকা যোগ করা হয়। চলতি ২০২৫-২৬ অর্থবছরে পর্যায়ক্রমে ভর্তুকি কমিয়ে আনতে অন্তর্বর্তী সরকার বিদ্যুতের জন্য ৩৭ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে দেশীয় বেসরকারি কেন্দ্রগুলোর কাছ থেকে বিদ্যুৎ ক্রয়ের বিপুল বিল বকেয়া জমে যায়। একপর্যায়ে তা ৫০ হাজার কোটি টাকা ছাড়িয়ে যায়। বিল পরিশোধের জন্য আওয়ামী লীগ সরকার বিশেষ বন্ড ইস্যুর মাধ্যমে উদ্যোগ নেয়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর বকেয়া পরিশোধ আরও গতি পায়। বিশেষ করে বিদ্যুতের বকেয়া কমাতে ভারতের আদানি পাওয়ারের বড় বিল পরিশোধ করা হয়। চলতি বছরের জুন শেষে বিপিডিবি আদানি পাওয়ারের ৪৩ কোটি ৭০ লাখ ডলার বকেয়া পরিশোধ করেছে। এই বকেয়া নিয়ে আওয়ামী লীগ সরকারের সময়ে নানা ধরনের সংকট চলছিল।
বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, বিশেষ বন্ডের মাধ্যমে এখন পর্যন্ত বিদ্যুৎ ও সার সংক্রান্ত বকেয়ার ২৫ হাজার ৬৯৬ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। এর মধ্যে গত বছরের নভেম্বরেই অন্তর্বর্তী সরকার ৫ হাজার ৫৬৩ কোটি টাকার বিশেষ বন্ড ইস্যু করেছে। দেশে বর্তমানে বিদ্যুতের চাহিদা প্রায় ১৫ হাজার ৫০০ মেগাওয়াটের কাছাকাছি। বড় অংশ পূরণ করা হচ্ছে কয়লা ও জ্বালানি তেলভিত্তিক কেন্দ্র থেকে। তথ্য অনুযায়ী, গতকাল রাত ৯টায় বিদ্যুতের চাহিদা ছিল ১৫ হাজার ৩২০ মেগাওয়াট। এর মধ্যে জ্বালানি তেলভিত্তিক কেন্দ্র সরবরাহ করেছে ৩ হাজার ৪১ মেগাওয়াট এবং কয়লাভিত্তিক কেন্দ্র ৩ হাজার ৮৪৪ মেগাওয়াট। চাহিদা পূরণে জ্বালানি তেল, গ্যাস ও কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে আইপিপিগুলো বিদ্যুৎ সরবরাহ করছে। তবে বিপিডিবি প্রত্যাশা অনুযায়ী কেন্দ্রগুলোর বিল পরিশোধ করতে পারছে না। ফলে কেন্দ্রগুলোর পরিচালনায় অর্থের সংকট দেখা দিয়েছে। অনেক কেন্দ্র জ্বালানি জোগান এবং ঋণ পরিশোধেও জটিলতায় পড়ছে, জানিয়েছেন বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র মালিকরা।
বাংলাদেশ ইনডিপেনডেন্ট পাওয়ার প্রডিউসারস অ্যাসোসিয়েশনের (বিআইপিপিএ) সভাপতি ডেভিড হাসানাত বলেন, “বেসরকারি বিদ্যুৎ কোম্পানিগুলোর পাঁচ-ছয় মাসের বিল বকেয়া রয়েছে বিপিডিবির কাছে। বলতে গেলে, মার্চ থেকে এই বকেয়া চলছে। নিয়মিত অর্থ না পাওয়ায় কোম্পানিগুলো ব্যাংকের ঋণ পরিশোধেও সমস্যায় পড়ছে। দুই সপ্তাহ আগে আমরা বিষয়টি বিপিডিবির চেয়ারম্যানকে জানিয়েছি। তিনি দ্রুত অর্থ পরিশোধের আশ্বাস দিয়েছেন। তবে সবকিছু নির্ভর করছে অর্থ মন্ত্রণালয় থেকে ভর্তুকির টাকা ছাড়ের ওপর। এ বিষয়গুলো সবচেয়ে বড় প্রভাব ফেলে বিদ্যুতের ট্যারিফের ওপর। উৎপাদন খরচ এবং বিক্রির মধ্যে ট্যারিফ সমন্বয় না হলে বকেয়া বিল পরিশোধের জটিলতা কাটানো সম্ভব নয়। ট্যারিফের বিষয়টি সমাধান না হলে ঘাটতি কাটিয়ে ওঠা কঠিন।”
দেশের বেসরকারি কোম্পানি ইউনাইটেড পাওয়ার বিপিডিবিকে বিদ্যুৎ সরবরাহ করছে। তবে গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বাবদ কোম্পানির বিল বর্তমানে ৩ হাজার কোটি টাকার বেশি বকেয়া রয়েছে। এই বকেয়া চলতি বছরের ফেব্রুয়ারি ও মার্চ থেকে জমে আছে। এর মধ্যে ২ হাজার ৫০০ কোটি টাকার বিল ফার্নেস অয়েলভিত্তিক কেন্দ্রের, বাকি ৫০০ কোটি টাকার বিল গ্যাসভিত্তিক কেন্দ্রের। মার্চের পর থেকে কোম্পানিটি কোনো বিল পায়নি। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, গ্যাসের বিল বকেয়া পড়ায় ইউনাইটেড পাওয়ারের আশুগঞ্জের ১৯৫ মেগাওয়াট গ্যাসভিত্তিক কেন্দ্রের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। বিষয়টি জানিয়ে ইউনাইটেড পাওয়ার বিপিডিবিকে চিঠি দিয়েছে।
বিপিডিবি সূত্রে জানানো হয়েছে, বেসরকারি বিদ্যুৎ কোম্পানিগুলোর গড়ে কত মাসের বিল বকেয়া রয়েছে তা সুনির্দিষ্ট বলা কঠিন। তবে কোম্পানিভেদে বকেয়া তিন মাস থেকে সর্বোচ্চ সাত মাস পর্যন্ত থাকতে পারে। ছয়টি বৃহৎ বেসরকারি কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাদের বকেয়া প্রায় ১২ হাজার ৫০০ কোটি টাকার কাছাকাছি। কয়েক মাস ধরে এ বিষয়ে কোনো বড় অগ্রগতি হয়নি। এছাড়া বাকি কোম্পানিগুলোর বকেয়া আরও অন্তত ৮ হাজার কোটি টাকা।
দেশের বিদ্যুৎ চাহিদা পূরণে চট্টগ্রামের কয়লাভিত্তিক বৃহৎ কেন্দ্র এসএস পাওয়ার বিপিডিবিকে পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ সরবরাহ করছে। কেন্দ্রটি প্রতি মাসে গড়ে ৮৫০ কোটি টাকার বিদ্যুৎ বিক্রি করে কিন্তু বিপিডিবি থেকে নিয়মিত বিল না পাওয়ায় কেন্দ্রটি ঋণ পরিশোধ ও ঠিকাদারের বিল দিতে পারছে না।
বিষয়টি নিয়ে জানতে চাইলে এসএস পাওয়ারের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) মোহাম্মদ ইবাদত হোসেন ভূঁইয়া বলেন, “গত জুন থেকে বিদ্যুৎ বিক্রির বিল পাচ্ছি না। বর্তমানে বিপিডিবির কাছে আমাদের সাড়ে ৩ হাজার কোটি টাকার বেশি বকেয়া রয়েছে। এই বিল না পাওয়ায় ইপিসি ঠিকাদারের বিল, কয়লা আমদানি এবং কেন্দ্রের মেরামত ও রক্ষণাবেক্ষণ বিলও পরিশোধ করা যাচ্ছে না। আমরা নিয়মিত বিল নিয়ে বিপিডিবির সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি, কিন্তু সন্তোষজনক কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না।” চট্টগ্রামের বাঁশখালীতে এসএস পাওয়ারের ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতার আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কেন্দ্র রয়েছে। এ কেন্দ্র থেকে বিপিডিবি পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ নিচ্ছে। বেসরকারি অর্থায়নে নির্মিত এই কেন্দ্রের ঋণ পরিশোধও চলছে।

