মেট্রোরেলের মতিঝিল-কমলাপুর সেকশনের ইলেকট্রো-মেকানিক্যাল কাজের জন্য প্রাথমিকভাবে ২৭৪ কোটি টাকা বরাদ্দ থাকলেও দরকষাকষির মাধ্যমে কাজটি ৪৬৫ কোটি টাকায় করতে সম্মত হয়েছে অন্তর্বর্তী সরকার। রাজনৈতিক অস্থিতিশীলতা ও ডলারের মূল্যের বৃদ্ধির কারণে খরচ বেড়ে ১৯১ কোটি টাকা হলেও সাশ্রয় হয়েছে ১৮৫ কোটি টাকা বলে জানিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।
গতকাল বুধবার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী গণমাধ্যমকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে শিরোনাম ছিল, ‘মেট্রোরেলে অন্তর্বর্তী সরকারের সাম্প্রতিক অর্জনসমূহ মতিঝিল-কমলাপুর সেকশনের ইলেকট্রো-মেকানিক্যাল কাজে প্রায় ১৮৫ কোটি টাকা সাশ্রয়’।
এর আগে ৪ জুলাই ‘বরাদ্দের ৭০ শতাংশ বেশি দরে মেট্রোরেলের কাজ শুরু’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। তাতে খরচ বাড়ার বিষয়টি উল্লেখ করা হয়েছিল। ২০২০-২১ অর্থবছরের সংশোধিত উন্নয়ন প্রকল্প প্রস্তাবে (আরডিপিপি) মেট্রোরেল বাস্তবায়নকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এই খাতে ২৭৪ কোটি টাকা বরাদ্দ রাখে।
এমআরটি লাইন-৬ এর সদ্য বিদায়ী প্রকল্প পরিচালক মো. জাকারিয়া বলেন, ‘২০২২ সালের ডলারের দর অনুযায়ী কাজটি ২৭৪ কোটি টাকায় সম্পন্ন হওয়ার কথা ছিল, কিন্তু ডলারের মূল্য বৃদ্ধির কারণে এখন ৪৬৫ কোটি টাকায় করতে হচ্ছে।’ ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ বলেন, ‘আমরা ঠিকাদারি প্রতিষ্ঠান যা চেয়েছে তার থেকে ৩০-৪০ শতাংশ কম মূল্যে কাজ করাতে সক্ষম হয়েছি। এটি সাফল্য হিসেবে ধরা উচিত।’
মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘মতিঝিল থেকে কমলাপুর সেকশনের ইলেকট্রো-মেকানিক্যাল কাজের জন্য ২০১৮ সালের জুনে দরপত্র দাখিলকারী ঠিকাদারি প্রতিষ্ঠানকে সম্প্রতি নিয়োগ দেওয়া হয়েছে। প্রাথমিক ব্যয় নিয়ে কিছু প্রশ্ন উঠলেও অন্তর্বর্তী সরকারের নির্দেশে ডিএমটিসিএল কর্তৃপক্ষ দরকষাকষির মাধ্যমে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ সাশ্রয় করেছে। প্রকৃত ব্যয় নির্ধারিত হয় দরপত্র মূল্যায়নের মাধ্যমে যা মূল্যস্ফীতি, মুদ্রার বিনিময় হার, কাঁচামাল সরবরাহের জটিলতা ও পরিবহন খরচের উপর নির্ভর করে।’
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘জুলাই ২০২৩ সালে প্রস্তাবিত মূল্য ছিল প্রায় ৬৫০ কোটি টাকা। অন্তর্বর্তী সরকার এত বেশি খরচে কাজ করতে অনীহা প্রকাশ করে। দীর্ঘ আলোচনা ও দরকষাকষির মাধ্যমে উভয়পক্ষ ৪৬৫ কোটি টাকায় কাজটি করতে সম্মত হয়।’

