মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দক্ষিণ কোরিয়ার বুসান শহরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর চীনের পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্ক হ্রাস করার ঘোষণা দিয়েছেন। তিনি জানান, আগের ৫৭ শতাংশ শুল্ক কমিয়ে তা ৪৭ শতাংশে আনা হয়েছে এবং এটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
ট্রাম্প রয়টার্সকে বলেছেন, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে এক বছরের একটি বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়েছে, যা সময়ে সময়ে বৃদ্ধি পাবে। তিনি বলেন, “আমাদের চুক্তি হয়েছে”।
ট্রাম্প আরও জানিয়েছেন যে, এই চুক্তির সঙ্গে কিছু শর্ত যুক্ত রয়েছে। শর্তগুলো হলো:
-
চীন আবার আমেরিকান সয়াবিনের ক্রয় শুরু করবে।
-
বিরল খনিজ (rare earth) রপ্তানি অব্যাহত রাখবে।
-
ফেন্টানিলের অবৈধ বাণিজ্য নিয়ন্ত্রণ করবে।
এছাড়া, চীনের ফেন্টানিলে যে ২০ শতাংশ শুল্ক ছিল, তা কমিয়ে ১০ শতাংশ করা হবে।
এর আগে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, আসিয়ান সম্মেলনের আলোচনায় আগামী ১ নভেম্বর থেকে চীনের পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপের পরিকল্পনা স্থগিত করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেছিলেন, চীন বিরল খনিজ রপ্তানিতে লাইসেন্সের সময়সীমা অন্তত এক বছর পিছিয়ে দেবে। বৈঠকের পর ট্রাম্প এ কথাও নিশ্চিত করেছেন যে, বিরল খনিজ সম্পর্কিত সমস্যার সমাধান হয়েছে।
দুই দেশের দ্রুত বাণিজ্য চুক্তি সম্পন্ন করতে যুক্তরাষ্ট্র বিশেষ আগ্রহী। ট্রাম্প জানিয়েছেন, তিনি আগামী এপ্রিল মাসে চীনের সফরে যাবেন এবং তারপরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যুক্তরাষ্ট্র সফরে আসবেন।
বিশ্লেষকেরা মনে করছেন, শুল্ক হ্রাসের এই পদক্ষেপ দুই দেশের পূর্ণাঙ্গ বাণিজ্য চুক্তির পথে নতুন গতি আনতে পারে। উল্লেখ্য, চলতি বছরের ২ এপ্রিল ট্রাম্প এক নির্বাহী আদেশে বিশ্বের ৫৭টি দেশের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছিলেন।

