বাংলাদেশের পোলট্রি খাত এখন চরম সংকটে—এমনই অভিযোগ তুলেছে প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)। তারা বলছে, কর্পোরেট সিন্ডিকেটের দৌরাত্ম্যে ক্ষুদ্র খামারিরা টিকে থাকতে হিমশিম খাচ্ছেন, আর এই ধারা অব্যাহত থাকলে দেশের অন্যতম বৃহৎ এই কৃষিভিত্তিক শিল্প পুরোপুরি ধ্বংস হয়ে যেতে পারে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিপিএ জানায়, দাবি আদায় না হলে আগামী শনিবার (১ নভেম্বর) থেকে সারা দেশে ধাপে ধাপে ডিম ও মুরগি উৎপাদন বন্ধের কর্মসূচি পালন করবে তারা।
সংগঠনটির দাবি, গত তিন বছর ধরে আন্তর্জাতিক বাজারে ফিড তৈরির প্রধান উপকরণ—সয়াবিন মিল, ভুট্টা, অ্যামিনো অ্যাসিড ও ভিটামিন প্রিমিক্সের দাম কমলেও বাংলাদেশের বাজারে তার উল্টো চিত্র দেখা যাচ্ছে। কিছু কর্পোরেট সিন্ডিকেট বাজারের নিয়ন্ত্রণ নিয়ে কৃত্রিম সংকট তৈরি করেছে, যার ফলে ফিড, বাচ্চা ও ওষুধের দাম অস্বাভাবিকভাবে বেড়েই চলেছে।
বিপিএ-এর মতে, এই পরিস্থিতির কারণে দেশের প্রায় ৫০ থেকে ৬০ লাখ মানুষ জীবিকা হারানোর ঝুঁকিতে, যাদের মধ্যে উল্লেখযোগ্য অংশ নারী ও শিক্ষিত বেকার তরুণ। প্রতিদিনই প্রান্তিক খামারিরা ক্ষতির মুখে পড়ছেন এবং অনেকে ইতিমধ্যে খামার বন্ধ করতে বাধ্য হচ্ছেন।
সংগঠনটি বলছে, সরকার যদি দ্রুত কার্যকর পদক্ষেপ না নেয়, তাহলে পোলট্রি শিল্পের অস্তিত্বই হুমকির মুখে পড়বে। তাই তারা শিল্পের স্থিতিশীলতা ও প্রান্তিক খামারিদের অধিকার রক্ষায় সাত দফা দাবি উত্থাপন করেছে।
বিপিএ’র ৭ দফা দাবি:
- কর্পোরেট সিন্ডিকেট ভেঙে দিয়ে ফিড, বাচ্চা, মেডিসিন ও ভ্যাকসিনের দাম সরকারিভাবে নির্ধারণ করা।
- কর্পোরেট প্রভাবমুক্ত, ন্যায্য ও স্বচ্ছ বাজারব্যবস্থা গড়ে তোলা।
- প্রান্তিক খামারিদের সংগঠনকে নীতিনির্ধারণ পর্যায়ে অন্তর্ভুক্ত করা।
- ফিড, বাচ্চা ও ওষুধের বাজারে নিয়মিত অডিট ও প্রকাশযোগ্য প্রতিবেদন চালু করা।
- উৎপাদন খরচ অনুযায়ী ১০% লাভ যুক্ত করে ডিম ও মুরগির ন্যায্য দাম নির্ধারণ করা।
- ক্ষতিগ্রস্ত খামারিদের জন্য জামানতবিহীন ঋণ, প্রণোদনা ও ভর্তুকি প্রদান করা।
- নীতিনির্ধারণ পর্যায়ে দুর্নীতিগ্রস্ত ও কর্পোরেটপন্থী কর্মকর্তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া।
বিপিএ জানিয়েছে, তাদের এই আন্দোলনের লক্ষ্য সরকারকে চাপে ফেলা নয়, বরং দেশের পোলট্রি খাতকে বাঁচানো এবং লাখো প্রান্তিক খামারির জীবন ও জীবিকা রক্ষা করা।

