চলতি অর্থবছরের প্রথম তিন মাসেই ঋণ পরিশোধে ঘাম ঝরাতে হয়েছে বাংলাদেশকে। জুলাই থেকে সেপ্টেম্বর—এই তিন মাসে উন্নয়ন সহযোগী সংস্থা ও বিভিন্ন দেশ থেকে এসেছে প্রায় ১১৫ কোটি ডলার। কিন্তু একই সময়ে সুদ ও আসল মিলিয়ে ১২৮ কোটি ডলার দিতে হয়েছে ঋণ পরিশোধে। অর্থাৎ, যা এসেছে তার চেয়েও বেশি চলে গেছে ঋণ শোধে।
আজ বৃহস্পতিবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) প্রকাশ করেছে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের বিদেশি ঋণ পরিস্থিতির সর্বশেষ প্রতিবেদন। সেখানে দেখা গেছে, আগের বছরের তুলনায় এবার ঋণ শোধের পরিমাণ বেড়েছে, যদিও ঋণ ছাড় ও নতুন প্রতিশ্রুতিতেও কিছুটা বৃদ্ধি হয়েছে।
ইআরডির তথ্যমতে, জুলাই-সেপ্টেম্বর মাসে মোট ১১৪ কোটি ৮৫ লাখ ডলার এসেছে বিভিন্ন উন্নয়ন সহযোগীর কাছ থেকে। এর মধ্যে প্রায় পুরো টাকাটাই ছিল ঋণ, অনুদান হিসেবে এসেছে মাত্র ১ কোটি ডলার, যা খাদ্যসহায়তা খাতে ব্যয় করা হয়েছে। গত বছর একই সময়ে এই অঙ্ক ছিল প্রায় ৮৫ কোটি ডলার।
কিন্তু চিন্তার জায়গা হচ্ছে—ঋণ পরিশোধের হার ঋণ গ্রহণের তুলনায় দ্রুত বাড়ছে। একই সময়ে সরকারকে বিদেশি ঋণের ৮২ কোটি ডলার আসল এবং ৪৬ কোটি ডলারের বেশি সুদ পরিশোধ করতে হয়েছে। আগের বছরের একই সময়ে এই পরিমাণ ছিল ১১২ কোটি ডলার।
অন্যদিকে, নতুন ঋণের প্রতিশ্রুতির ক্ষেত্রেও পরিবর্তন এসেছে। চলতি প্রান্তিকে বাংলাদেশ ৯১ কোটি ডলারের নতুন ঋণের প্রতিশ্রুতি পেয়েছে, যেখানে গত বছরের একই সময়ে এই অঙ্ক ছিল মাত্র পৌনে তিন কোটি ডলার।
সব মিলিয়ে, চলতি অর্থবছরের শুরুটা বাংলাদেশের জন্য খুব স্বস্তিদায়ক নয়। বৈদেশিক ঋণের ওপর নির্ভরতা কমার পরিবর্তে চাপ আরও বেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ধারা অব্যাহত থাকলে আগামি মাসগুলোতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও বাজেট ব্যবস্থাপনাতেও প্রভাব পড়তে পারে।

