দেশে এখনো পুরোপুরি শীত নামেনি, কিন্তু বাজারে তার আগমন টের পাওয়া যাচ্ছে আগেভাগেই। নভেম্বরের শুরুতেই রাজধানীর বাজারগুলোতে একে একে হাজির হচ্ছে শীতকালীন সবজি—শিম, ফুলকপি, বাঁধাকপি, মুলা, টমেটো, এমনকি শসাও। এসব সবজির আগমনেই যেন স্বস্তির হাওয়া বইছে বাজারে, আর ক্রেতাদের মুখে ফুটছে হাসি।
মাত্র এক সপ্তাহ আগেও যেসব সবজির দাম আকাশছোঁয়া ছিল, এখন সেগুলো অনেকটাই নাগালের মধ্যে। কিছু সবজির দাম কেজিপ্রতি ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত কমে গেছে। বিশেষ করে শিম, ফুলকপি ও বাঁধাকপির দাম কমে যাওয়ায় পুরো বাজারেই এক ধরনের স্থিতি এসেছে।
বৃহস্পতিবার রাজধানীর শ্যামবাজার, সূত্রাপুর, গেন্ডারিয়া ও নিউমার্কেট এলাকায় ঘুরে দেখা গেছে, সবজির সরবরাহ বেড়েছে চোখে পড়ার মতো। ফলে দাম যেমন কমেছে, তেমনি অন্যান্য সবজির চাহিদাও কিছুটা কমে এসেছে।
তিন সপ্তাহ আগে যে শিম বিক্রি হচ্ছিল ২০০ টাকায়, সেটি এখন পাওয়া যাচ্ছে ৬০–৭০ টাকায়। ফুলকপির দামও নেমে এসেছে প্রায় অর্ধেকে—একটি ছোট ফুলকপি এখন ৫০ টাকায় মিলছে, যা আগে ছিল ৮০ থেকে ১০০ টাকা। বরবটি ও কাঁকরোলের দামও প্রতি কেজিতে ২০ টাকা কমে বর্তমানে ৭০ থেকে ৮০ টাকার মধ্যে। ঢ্যাঁড়শ ও পটোল ৭০–৮০ টাকা থেকে কমে এসেছে ৪০–৫০ টাকায়।
অন্যান্য সবজিতেও স্বস্তির ছোঁয়া—করলা ৭০ টাকা, ঝিঙা ৫০, মুলা ৩০–৪০, কাঁচা পেঁপে ২৫, বেগুন ৬০–৭০, টমেটো ৯০–১০০ আর শসা ৫০–৬০ টাকায় বিক্রি হচ্ছে। এমনকি কাঁচামরিচ, যা কিছুদিন আগেও ১৭০ টাকায় বিক্রি হচ্ছিল, সেটিও এখন নেমে এসেছে ১০০–১৪০ টাকায়।
শ্যামবাজারের এক ব্যবসায়ী শাহিন আহমেদ জানালেন, “শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে। এজন্য পাইকারিতে দাম কমেছে, আমরাও কম দামে বিক্রি করছি।”
সবজির দাম কমায় তার ইতিবাচক প্রভাব পড়েছে মুরগি ও ডিমের বাজারেও। ব্রয়লার মুরগির কেজি প্রতি দাম ১০ টাকা কমে বর্তমানে ১৬০ থেকে ১৭০ টাকায় নেমেছে। সোনালি মুরগির দামও ২৫০ থেকে ২৮০ টাকার মধ্যে, যা গত সপ্তাহে ছিল ১০ টাকা বেশি।
ফার্মের ডিমে কমেছে ডজনে ১০ টাকা—এখন ১৩০ টাকায় বিক্রি হচ্ছে, যা আগের সপ্তাহে ছিল ১৪০ টাকা। যদিও মুরগি ও ডিমের বাজারে স্বস্তি এলেও গরুর মাংসের দাম এখনো আগের জায়গাতেই—প্রতি কেজি ৭৫০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে।
সূত্রাপুর বাজারে কেনাকাটা করতে আসা সোবহান হক বলেন, “শীতের সবজি বাজারে আসছে, দামও কমছে—এটা আমাদের মতো সাধারণ ক্রেতার জন্য অনেক স্বস্তির খবর। আশা করি সামনে আরও কমবে। তবে সরকারের উচিত বাজারটা নিয়মিত তদারকি করা, তাহলে দাম আরও কমে আসবে।”
শীতকাল ঘনিয়ে এলে বাজারে ফুলকপি, মটরশুটি, গাজর, বাঁধাকপি ও বীটের মতো আরও সবজি আসবে। তাই ব্যবসায়ী ও ক্রেতা—দু’পক্ষই এখন আশায় আছে, শীতের মৌসুমে যেন বাজার পুরোপুরি স্থিতিশীল থাকে।

