দেশে খেলাপি ঋণের বোঝা দিন দিন ভয়াবহ আকার নিচ্ছে। সরকারের প্রতিশ্রুতি ছিল আগামী বছরের মধ্যেই এই ঋণের হার কমিয়ে আনা হবে, কিন্তু বাস্তবে উল্টো পরিস্থিতি আরও অবনতির দিকে যাচ্ছে। ব্যাংক খাতের এই অস্থিরতা এখন দেশের সামগ্রিক অর্থনীতির ওপর চাপ সৃষ্টি করছে, আর ঠিক এই কারণেই বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠকে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ঢাকায় অনুষ্ঠিত ওই বৈঠকে আইএমএফের প্রতিনিধি দল রিজার্ভ থেকে রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ) গঠন ও এর ব্যবহারের ধরন নিয়ে প্রশ্ন তোলে। সংস্থাটির মতে, এসব তহবিলের কার্যকারিতা, স্বচ্ছতা এবং পুনঃঅর্থায়ন নীতির মধ্যে এখনও অনেক অস্পষ্টতা রয়ে গেছে।
বৈঠকে আইএমএফ দলের নেতৃত্ব দেন সংস্থাটির ডেভেলপমেন্ট ম্যাক্রো ইকোনমিকস বিভাগের প্রধান ক্রিস পাপাজর্জিও। অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমান ও নির্বাহী পরিচালক ড. এজাজুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আইএমএফ প্রতিনিধি দল জানায়, রিজার্ভ থেকে ইডিএফ গঠন, পুনঃঅর্থায়ন ও প্রাক–অর্থায়ন সুবিধার বিষয়ে তাদের দীর্ঘদিনের প্রশ্ন রয়েছে। তারা এসব তহবিলের কাঠামো ও বাস্তব প্রভাব সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা চান।
সংস্থাটির ৪৭০ কোটি ডলারের ঋণ কর্মসূচির শর্ত অনুযায়ী, সরকারি ব্যাংকের খেলাপি ঋণের হার ১০ শতাংশের নিচে নামিয়ে আনতে হবে। কিন্তু বাস্তবে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। সরকারের পরিবর্তনের পর গোপন থাকা বিপুল খেলাপি ঋণের তথ্য প্রকাশ পেতে শুরু করেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যে দেখা যায়, মাত্র এক বছরে খেলাপি ঋণ প্রায় ৪ লাখ কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৬৭ হাজার কোটি টাকায়। সরকারি ব্যাংকগুলোর খেলাপির হার ৪০ শতাংশ ছাড়িয়েছে, আর বেসরকারি ব্যাংকগুলোতেও তা ১০ শতাংশের ওপরে।
বৈঠকে আইএমএফ প্রতিনিধি দল বাংলাদেশের মুদ্রানীতি, মূল্যস্ফীতি, সুদের হার, তারল্য সহায়তা, রিজার্ভ ব্যবস্থাপনা ও খেলাপি ঋণ কমানোর পদক্ষেপ নিয়ে বিস্তারিত তথ্য নেয়। তারা স্বীকার করে যে সাম্প্রতিক সময়ে মূল্যস্ফীতি কিছুটা কমেছে, তবে অতিরিক্ত সংকোচনমূলক নীতির কারণে বিনিয়োগে দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়তে পারে কি না, সে বিষয়ে তারা প্রশ্ন তোলে।
বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা জানান, আইএমএফ রাষ্ট্রীয় ব্যাংকগুলোর পুনঃমূলধন, বৈদেশিক মুদ্রার সংকট, প্রভিশন ঘাটতি, জলবায়ু বিনিয়োগ ও সবুজ অর্থায়নসহ বিভিন্ন বিষয়ে গভীর আগ্রহ দেখিয়েছে।
তবে সংস্থাটি আগের সরকারের সময় গোপন করে রাখা বিপুল পরিমাণ খেলাপি ঋণের তথ্য প্রকাশে সন্তোষ প্রকাশ করেছে। তাদের মতে, তথ্য প্রকাশের এই পদক্ষেপ স্বচ্ছতা ও দায়বদ্ধতার দিকে একটি ইতিবাচক অগ্রগতি।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী জানান, “আইএমএফের পঞ্চম রিভিউ মিশন নিয়মিত সফরের অংশ হিসেবে তথ্য নিচ্ছে। তারা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, সুদের হার নির্ধারণ, রিজার্ভ ব্যবস্থাপনা এবং খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংকের গৃহীত পদক্ষেপের অগ্রগতি সম্পর্কে আগ্রহ দেখিয়েছে।”
অর্থনীতিবিদদের মতে, খেলাপি ঋণ এখন কেবল ব্যাংকিং খাতের সমস্যা নয়—এটি দেশের সামগ্রিক আর্থিক স্থিতিশীলতার জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। আইএমএফের বারবার সতর্কবার্তা হয়তো সরকারকে সংস্কারের পথে আরও সক্রিয় হতে বাধ্য করবে, নতুবা আগামি বছরেই এ সংকট আরও গভীর হতে পারে।

