রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) বহরে নতুন করে যুক্ত হয়েছে আধুনিক প্রযুক্তিতে সজ্জিত এমভি বাংলার প্রগতি। পরিবেশবান্ধব নকশা, জ্বালানিসাশ্রয়ী ইঞ্জিন এবং অপারেশনাল দক্ষতার কারণে এটি ৬৫ হাজার টন পণ্য বহন করতে সক্ষম। সম্পূর্ণ নিজস্ব তহবিল থেকে কেনা এই জাহাজটি শুধু বহরের ক্ষমতা বাড়ায়নি, সংস্থার আত্মনির্ভরতার প্রতীক হিসেবেও বিবেচিত হচ্ছে।
বিএসসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কমোডর মাহমুদুল মালেক বলেন, “এমভি বাংলার প্রগতি আমাদের সংস্থার ৫০ বছরের ইতিহাসে সবচেয়ে বড় অর্জন। ডিসেম্বরের প্রথম সপ্তাহে বহরে যুক্ত হচ্ছে আরও একটি আধুনিক জাহাজ এমভি বাংলার নবযাত্রা, যা বিএসসির সক্ষমতা আরও বৃদ্ধি করবে।”
২৭ অক্টোবর বহরে যুক্ত হওয়া এমভি বাংলার প্রগতি ইতিমধ্যে বাণিজ্যিক কার্যক্রম শুরু করেছে। হংকংভিত্তিক একটি প্রতিষ্ঠানের কাছে এটি ভাড়া দেওয়া হয়েছে দিনে ২০ হাজার মার্কিন ডলারে, যা টাকায় প্রায় ২৪ লাখ ৪০ হাজার। জাহাজটি বর্তমানে চীনের জিংজিয়াং ইন্টারন্যাশনাল বাথ থেকে ঝুশানে যাচ্ছে। সেখান থেকে রসদ ও তেল সংগ্রহ করে এটি পরবর্তী বন্দরে পণ্যবোঝাইয়ের জন্য রওনা দেবে।
এমভি বাংলার প্রগতি ১৯৯ মিটার দৈর্ঘ্য, ৩৩ মিটার প্রস্থ এবং ১৮ মিটার গভীরতা বিশিষ্ট আধুনিক বাল্ক ক্যারিয়ার। প্রধান ইঞ্জিন এমএএন-বিঅ্যান্ডডব্লিউ , জার্মান লাইসেন্সে তৈরি ও চীনে সংযোজিত; পাম্প এসেছে স্পেন থেকে, কম্প্রেসর নরওয়ে থেকে। পুরো কাঠামো গ্রিন শিপ কনসেপ্টে তৈরি, যা আন্তর্জাতিক মানদণ্ড (IMO) পূরণ করে। নকশা জ্বালানিসাশ্রয়ী, পরিবেশবান্ধব এবং নাইট্রোজেন অক্সাইড নির্গমন কমায়। হাইড্রোডাইনামিক ড্রাগ কমানোর কারণে দীর্ঘ রুটে গতি ও জ্বালানিসাশ্রয় নিশ্চিত হয়।
এই দুটি জাহাজ কেনার জন্য বিএসসি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস এলএলসি-এর সঙ্গে চুক্তি করেছে। প্রতিটি জাহাজের মূল্য ৩৮.৩৪৯ মিলিয়ন মার্কিন ডলার, মোট ব্যয় প্রায় ৭৬.৬৯৮ মিলিয়ন ডলার বা আনুমানিক ৯৩৫ কোটি টাকা। পুরো অর্থ জোগান দিয়েছে বিএসসির নিজস্ব তহবিল।
জাহাজ দুটির নামও পরিবর্তন করা হয়েছে—আগের এক্সসিএল জেমিনি এখন এমভি বাংলার প্রগতি, আর এক্সসিএল লায়ন হয়েছে এমভি বাংলার নবযাত্রা। বিএসসির ইতিহাসে এটি প্রথমবারের মতো বিদেশি সহায়তা ছাড়া এত বড় বিনিয়োগ। এর আগে ২০১৮ ও ২০১৯ সালে চীনা সরকারের আর্থিক সহায়তায় ছয়টি জাহাজ কেনা হয়েছিল।

