ফেনীর সোনাগাজীতে ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইডিবি) অর্থায়নে ২২০ মেগাওয়াট ক্ষমতার একটি সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হচ্ছে। রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ উৎপাদন প্রতিষ্ঠান ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ (ইজিসিবি) ৭১৫ একর জমিতে কেন্দ্রটি গড়ার পরিকল্পনা নিয়েছে।
সংস্থাটি ১ হাজার ৮৮৮ কোটি ১০ লাখ টাকায় ‘সোনাগাজী ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ নির্মাণ কেন্দ্র স্থাপন’ শীর্ষক প্রকল্প প্রস্তাব পরিকল্পনা কমিশনে পাঠিয়েছে। আগামীকাল (রোববার) পরিকল্পনা কমিশনের শিল্প ও শক্তি বিভাগে প্রকল্পটি যাচাই-বাছাইয়ের জন্য পিইসি সভা অনুষ্ঠিত হবে। বাস্তবায়িত হলে এটি হবে দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র।
জানা যায়, সোনাগাজীর পূর্ব বড়ধলী এলাকায় নবায়নযোগ্য জ্বালানির জন্য ২০১৭ সালে এক হাজার একর জমি অধিগ্রহণ করা হয়েছিল। এর মধ্যে ২৮৫ একরে ৭৫ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্র ইতিমধ্যেই স্থাপন করা হয়েছে। বাকি ৭১৫ একরে নতুন ২২০ মেগাওয়াট কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
উন্নয়ন প্রকল্প প্রস্তাবের (ডিপিপি) তথ্য অনুযায়ী, প্রকল্পটি ১ হাজার ৮৮৮ কোটি ১০ লাখ টাকায় বাস্তবায়ন করবে ইজিসিবি। এর মধ্যে আইডিবির ঋণ সহায়তা ১ হাজার ৬২৩ কোটি ৬৩ লাখ টাকা। সরকার ও সংস্থার নিজস্ব অর্থায়ন থাকবে যথাক্রমে ১৪৭ কোটি ৫৬ লাখ এবং ১১৬ কোটি ৯০ লাখ টাকা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদন পেলে ২০২৮ সালের জুনের মধ্যে প্রকল্পটি সম্পন্ন হবে।
প্রকল্পে মোট ৪ লাখ ৬৯ হাজার ৫৬০টি সোলার পিডি মডিউল ও ২৬টি গ্রিড কানেক্টেড ইনভার্টার স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া ২৪০ এমভি ক্ষমতার বৈদ্যুতিক সাবস্টেশন, চারটি ২৩০/২৩৩ কেভি ট্রান্সফরমার, অক্সিলিয়ারি ট্রান্সফরমার, ২৩০ কেভি সঞ্চালন লাইনের ১৩.৩ কিলোমিটার দ্বিতীয় সার্কিট, বেজা সাবস্টেশনে জিআইএস বে ও ৭৫ মেগাওয়াট সাবস্টেশনে এআইএস বে নির্মাণ করা হবে। প্রকল্পে ৬.৮৯ কিলোমিটার পানিরোধক বাঁধ (ডাইক), ২.৬৭ কিলোমিটার দক্ষিণ ডাইকে সিসি ব্লক, কন্ট্রোল রুম এবং পাঁচতলা ডরমিটরি ভবনও নির্মাণ করা হবে।
সম্প্রতি পরিকল্পনা কমিশনে প্রথম দফায় পিইসি সভা অনুষ্ঠিত হয়। সভায় পিডি মডিউল ও ইনভার্টারের বাজারমূল্য এবং খাতে ব্যয়ের সর্বশেষ এসআরও অনুযায়ী ডিপিপি পুনর্গঠন করার নির্দেশ দেওয়া হয়। এতে ২৪৫ কোটি ৮৭ লাখ টাকা খরচ কমানো হয়েছে। দ্বিতীয় দফায় পিইসি সভা ডাকা হয়েছে প্রকল্পের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বাড়ানোর বিষয়ে পর্যালোচনার জন্য।
পরিকল্পনা কমিশনের বিদ্যুৎ উইংয়ের উপপ্রধান সায়মা আক্তার বণিক বলেন, ‘প্রকল্পটি ২২০ মেগাওয়াটের পরিবর্তে ২৫০ মেগাওয়াট করা সম্ভব কি না তা দেখা হবে। উন্নয়ন সহযোগীদের অর্থ অপ্রয়োজনীয়ভাবে পড়ে না থাকুক তা নিশ্চিত করতে হবে।’ এদিকে চলতি বছরের ২৯ জুন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) যৌথভাবে প্রকল্প বাস্তবায়নের জন্য চুক্তি স্বাক্ষর করেছে।
ইজিসিবির ওয়েবসাইটে দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, ইতিমধ্যেই দেশের চারটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছে। এগুলো হলো নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৩৩৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র, সিদ্ধিরগঞ্জ ২৪০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্লান্ট, সোনাগাজী ৭৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র এবং হরিপুর ৪১২ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র।

