রাজধানীর বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারে (বিসিএফসিসি) গতকাল শনিবার শেষ হয়েছে দেশের বৃহত্তম পর্যটন উৎসব, ১৩তম বিমান বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ)। তিন দিনব্যাপী এই মেলায় প্রায় ৪০ হাজার দর্শক অংশ নেন। আয়োজকদের তথ্য অনুযায়ী, মোট বিক্রয় ও বাণিজ্যিক লেনদেন হয়েছে প্রায় ৪০ কোটি টাকা। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একাই প্রায় ৩ কোটি টাকার টিকিট বিক্রি করেছে।
মেলার আয়োজন করেছে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)। এবারের আসরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টাইটেল স্পনসর ছিল। আইএইচজি গোল্ড পার্টনার এবং বিকাশ পেমেন্ট পার্টনার হিসেবে যুক্ত ছিলেন। মেলার শেষ দিনে অংশগ্রহণকারী সংস্থাগুলোকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিইও নুজহাত ইয়াসমিন। আরও উপস্থিত ছিলেন টোয়াবের সভাপতি মো. রাফেউজ্জামান, পরিচালক (বাণিজ্য ও মেলা) মো. তাসলিম আমিন শোভনসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি।
প্রধান অতিথি নুজহাত ইয়াসমিন বলেন, “পৃথিবীর অনেক দেশে পর্যটন গুরুত্বপূর্ণ খাত। বাংলাদেশেও এই খাত রয়েছে। তবে এখনও এটি কাঙ্ক্ষিত অবস্থানে পৌঁছায়নি। সম্ভাবনা যথাযথভাবে কাজে লাগানো যায়নি। অনেকেই পর্যটন খাতের সঙ্গে জড়িত হলেও কোনো কিছুই পরিবেশের ঊর্ধ্বে নয়। পরিবেশ রক্ষা ও বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে খাতটিকে এগিয়ে নিতে হবে।”
আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের মেলায় এয়ারলাইন, হোটেল, রিসোর্ট, ট্যুর অপারেটর, হাসপাতাল, ক্রুজ লাইনসহ বিভিন্ন ভ্রমণ ও পর্যটন সংক্রান্ত ৮০ প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মোট ১৫০টি স্টল স্থাপন করা হয়। টোয়াব জানিয়েছে, অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো অত্যন্ত সন্তোষজনক সাড়া পেয়েছে। হোটেল ও রিসোর্টগুলো বিশেষ ছাড়ে রুম ও ভ্রমণ প্যাকেজ বিক্রি করেছে। ছয়টি হোটেল ও রিসোর্ট তাদের শেয়ার বিক্রি করেছে, যা বিদেশি বিনিয়োগ আকর্ষণের ইতিবাচক ইঙ্গিত বহন করে।
এবারের মেলায় পাকিস্তান, নেপাল ও ভুটানের জাতীয় পর্যটন সংস্থা ও ট্যুরিজম অ্যাসোসিয়েশন অংশ নিয়েছে। এছাড়া মালদ্বীপ, সিঙ্গাপুর, ভিয়েতনাম, মালয়েশিয়া, থাইল্যান্ড, চীন, শ্রীলঙ্কা, ফিলিপাইন, তুরস্ক এবং স্বাগতিক বাংলাদেশি ট্যুর অপারেটর ও ট্রাভেল এজেন্টরাও উপস্থিত ছিলেন। মেলায় দেশের পর্যটন খাতে অবদানের জন্য তিনজন সাংবাদিকসহ মোট ১৩ জনকে বিভিন্ন ক্যাটেগরিতে পুরস্কৃত করা হয়। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী।

