চলতি ২০২৫-২৬ কর বছরে এখন পর্যন্ত ১০ লাখের বেশি ব্যক্তি করদাতা অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করেছেন। গত বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ৪ আগস্ট অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ ২০২৫-২৬ কর বছরের অনলাইন ই-রিটার্ন দাখিল কার্যক্রম উদ্বোধন করেন। এরপর করদাতারা এনবিআরের ওয়েবসাইটে লগইন করে সহজেই অনলাইনে রিটার্ন পূরণ ও দাখিল করতে পারছেন। এনবিআরের বিশেষ আদেশ অনুযায়ী, এ বছর ৬৫ বছর বা তদূর্ধ্ব প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি, মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক ছাড়া সব ব্যক্তিকে অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।
যেসব করদাতা অনলাইন রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি পেয়েছেন, তারাও চাইলে ইচ্ছামতো অনলাইনে ই-রিটার্ন দাখিল করতে পারেন। তবে কোনো করদাতা ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধনসংক্রান্ত সমস্যার কারণে অনলাইনে রিটার্ন দাখিল করতে না পারলে, আগামী ১৫ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট উপ-কর কমিশনারের কাছে যৌক্তিক কারণ উল্লেখ করে আবেদন করতে পারবেন। অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদন সাপেক্ষে তারা কাগজে রিটার্ন দাখিল করতে পারবেন।
এ বছর করদাতার পক্ষে অনুমোদিত প্রতিনিধি অনলাইন রিটার্ন দাখিলের সুযোগও পাচ্ছেন। বিদেশে থাকা বাংলাদেশিরা সরাসরি অনলাইনে রিটার্ন দাখিলের বাধ্যবাধকতার বাইরে থাকলেও, তারা চাইলে এনবিআরের নির্দিষ্ট ইমেইলে পাসপোর্ট নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর ও ই-মেইল ঠিকানা পাঠিয়ে নিবন্ধনের আবেদন করতে পারেন। এরপর তাদের ইমেইলে ওটিপি ও নিবন্ধন লিংক পাঠানো হয়, যার মাধ্যমে তারা ই-রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন করে আয়কর রিটার্ন দাখিল করতে পারেন। ই-রিটার্ন সিস্টেমে করদাতারা কোনো কাগজপত্র বা দলিল আপলোড না করেই আয়, ব্যয়, সম্পদ ও দায়ের তথ্য প্রদান করে সহজে রিটার্ন দাখিল করতে পারেন। দাখিল সম্পন্ন হলে স্বয়ংক্রিয়ভাবে রিটার্ন স্লিপ তৈরি হয়।
করদাতাদের সুবিধার জন্য এনবিআর গত বছরের মতো এবারও অনলাইন প্রশিক্ষণের আয়োজন করেছে। পাশাপাশি ই-রিটার্ন সংক্রান্ত যেকোনো সমস্যায় সহায়তার জন্য একটি কল সেন্টার চালু রাখা হয়েছে। করদাতারা ০৯৬৪৩ ৭১ ৭১ ৭১ নম্বরে ফোন করে তাৎক্ষণিক সহায়তা পাচ্ছেন। এছাড়া সারা দেশের সব কর অঞ্চলে স্থাপিত ই-রিটার্ন হেল্প ডেস্ক থেকে অফিস সময়ের মধ্যে পরামর্শ ও প্রযুক্তিগত সহায়তাও দেওয়া হচ্ছে।

