প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। চলতি অর্থবছরের জুলাই থেকে অক্টোবর—এই চার মাসে রেমিট্যান্সের পরিমাণ ১০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে দেখা গেছে, এ সময়ে দেশে এসেছে মোট ১ হাজার ১৫ কোটি ডলার। আগের অর্থবছরের একই সময়ে এসেছিল ৮৯৪ কোটি ডলার। অর্থাৎ, এক বছরে রেমিট্যান্স বেড়েছে ১২১ কোটি ডলার বা ১৩ দশমিক ৫৬ শতাংশ।
গতকাল রোববার প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। সরকার পরিবর্তনের পর থেকে অর্থপাচার রোধে কঠোর ব্যবস্থা নেওয়ায় হুন্ডি লেনদেন কমেছে। ফলে প্রবাসীরা এখন অধিকাংশ অর্থ পাঠাচ্ছেন বৈধ ব্যাংকিং চ্যানেলে। এতে রেমিট্যান্স প্রবাহ বেড়ে স্থিতিশীলতা ফিরেছে বৈদেশিক মুদ্রা বাজারে।
রেমিট্যান্সের পাশাপাশি রপ্তানি আয়ও বেড়েছে। চলতি অর্থবছরের প্রথম তিন মাসে রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে ৫ দশমিক ৬৪ শতাংশ। আগের অর্থবছরে প্রবৃদ্ধি ছিল প্রায় ৮ শতাংশ। তবে বিদেশি ঋণ বেড়ে জুন শেষে দাঁড়িয়েছে ১১ হাজার ২১৬ কোটি ডলারে। তবুও বৈদেশিক মুদ্রার প্রবাহ বেড়ে ডলারের বিনিময় হার ১২২ থেকে ১২৩ টাকার মধ্যে স্থিতিশীল আছে। বাংলাদেশ ব্যাংকের মতে, ডলারের এই স্থিতিশীলতা এবং আমদানিতে ডলার ঘাটতি না থাকা মূল্যস্ফীতি কমার অন্যতম কারণ।
বৈদেশিক মুদ্রার রিজার্ভও ধারাবাহিকভাবে বাড়ছে। ৩০ অক্টোবর পর্যন্ত বিপিএম–৬ হিসাব অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে ২৭ দশমিক ৫৪ বিলিয়ন ডলারে। আর বাংলাদেশ ব্যাংকের নিজস্ব পদ্ধতিতে হিসাব করলে রিজার্ভ হয়েছে ৩২ দশমিক ১৪ বিলিয়ন ডলার—যা গত ৩১ মাসের মধ্যে সর্বোচ্চ। আওয়ামী লীগ সরকারের শেষ দিকে, বিপিএম–৬ অনুযায়ী রিজার্ভ নেমেছিল ২০ দশমিক ৪৮ বিলিয়ন ডলারে এবং ব্যাংক হিসাব পদ্ধতিতে ছিল ২৫ দশমিক ৯২ বিলিয়ন ডলার। অথচ ২০২১ সালের আগস্টে রিজার্ভ সর্বোচ্চ ৪৮ দশমিক শূন্য ৬ বিলিয়ন ডলারে উঠেছিল।
গত অক্টোবর মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৫৬ কোটি ডলার। আগের বছরের একই মাসের তুলনায় যা প্রায় ১৭ কোটি ডলার বেশি। তবে সেপ্টেম্বরের তুলনায় রেমিট্যান্স কিছুটা কমে ১২ কোটি ডলার হ্রাস পেয়েছে।
গত অর্থবছর শেষে রেকর্ড ৩ হাজার ৩৩ কোটি ডলার রেমিট্যান্স দেশে এসেছিল।

