সরকার পণ্য পরিবহন খরচ ও সময় কমানো, সরবরাহ স্বাভাবিক রাখা এবং বিভিন্ন অর্থনৈতিক উদ্দেশ্য পূরণের জন্য ‘জাতীয় লজিস্টিকস নীতি, ২০২৫’-এর খসড়া চূড়ান্ত করেছে। এটি অনুমোদনের জন্য আজ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদ সভায় উপস্থাপন করা হবে। নীতির লক্ষ্য হলো একটি বহুমাধ্যমভিত্তিক সমন্বিত অবকাঠামো ব্যবস্থা গড়ে তোলা।
গত বছরের এপ্রিলে প্রথমবার জাতীয় লজিস্টিকস নীতি প্রণয়ন করা হয়েছিল। তবে বর্তমান সরকার এতে কিছু সংযোজন-বিয়োজন করে যুগোপযোগী করার উদ্যোগ নিয়েছে। লজিস্টিকস হলো পণ্য, উপকরণ বা সেবাকে সঠিক সময়ে, সঠিক স্থানে, সঠিক পরিমাণে এবং সর্বনিম্ন ব্যয়ে পৌঁছে দেওয়ার পুরো ব্যবস্থাপনা প্রক্রিয়া। নতুন নীতির লক্ষ্য বিশ্বমানের প্রযুক্তিভিত্তিক, টেকসই, সমন্বিত, সুদক্ষ ও পরিবেশবান্ধব লজিস্টিকস ব্যবস্থা গড়ে তোলা। সরকারের আশা, এর মাধ্যমে স্থানীয় ও আন্তর্জাতিক বাণিজ্য সক্ষমতা বৃদ্ধি পাবে। সর্বশেষ লক্ষ্য হলো ২০৫০ সালের মধ্যে বাংলাদেশকে আঞ্চলিক বাণিজ্য ও লজিস্টিক হাবে পরিণত করা।
নীতির সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আগের নীতিতে কিছু রাজনৈতিক এজেন্ডা যুক্ত ছিল। ফলে নীতি ব্যবসা-বাণিজ্যের সঙ্গে সম্পূর্ণভাবে সম্পর্কিত ছিল না। নতুন নীতিতে অপ্রয়োজনীয় বিষয় বাদ দিয়ে এটি সুনির্দিষ্ট ও লক্ষ্যভিত্তিক করা হয়েছে। পাশাপাশি লজিস্টিকস খাতের দুর্ঘটনায় বীমাসহ বিভিন্ন সুবিধা অন্তর্ভুক্ত করা হয়েছে।
নীতিতে বলা হয়েছে, দেশে বহুমাধ্যমভিত্তিক সমন্বিত অবকাঠামো ব্যবস্থা গড়ে তোলা হবে। এর জন্য সড়ক, রেল, নৌ ও বিমানপথে সমন্বিত পরিবহন ব্যবস্থা বাস্তবায়ন করা হবে। বিশেষ অর্থনৈতিক অঞ্চল, শিল্পাঞ্চল, স্থলবন্দর, নদীবন্দর, সমুদ্রবন্দর, বিমানবন্দর, ওয়্যারহাউস, কনটেইনার ফ্রেইট স্টেশন ও এয়ার ফ্রেইট স্টেশনকে জাতীয় মহাসড়কের মাধ্যমে সংযুক্ত করে সরাসরি সংযোগ জোরদার করা হবে।
বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সুস্পষ্ট আর্থিক কৌশল ও বেসরকারি খাতের জন্য নির্দিষ্ট প্রণোদনা থাকবে। নীতির আওতায় একটি বিনিয়োগ অবকাঠামো গাইডলাইন থাকবে। সরকার নিজস্ব তহবিল, বিভিন্ন দাতা সংস্থার ঋণ ও অনুদানের মাধ্যমে বড় অবকাঠামো ও মানবসম্পদ উন্নয়ন প্রকল্পে অর্থায়ন করবে। বেসরকারি খাতকে গুদাম, আধুনিক পরিবহন ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে বিনিয়োগে উৎসাহিত করা হবে। এছাড়া নির্দিষ্ট সময় পর্যন্ত করছাড়সহ বিভিন্ন প্রণোদনা দেওয়া হবে। বড় অবকাঠামো প্রকল্পে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) ভিত্তিতে বিনিয়োগের সুযোগ থাকবে।
নীতিমালায় বলা হয়েছে, লজিস্টিকস খাতের সঙ্গে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর ডিজিটালাইজেশনের মাধ্যমে তথ্য বিনিময় ও আন্তঃপরিচালন সুবিধা নিশ্চিত করবে। একটি ডিজিটাল ইকোসিস্টেম তৈরি করা হবে, যেখানে পণ্য পরিবহনের শুরু থেকে শেষ পর্যন্ত তাৎক্ষণিক ট্র্যাকিং করা যাবে। ‘সমন্বিত ওয়ান স্টপ ডিজিটাল লজিস্টিকস প্ল্যাটফর্ম’-এ কাস্টমস, বন্দর, পরিবহন, ব্যাংক, শুল্ক, কর ও রপ্তানি-আমদানিসংশ্লিষ্ট সব তথ্য ও সেবা একক কাঠামোয় পাওয়া যাবে।
বিপজ্জনক পণ্যের পরিবহন, গুদামজাতকরণ, সংরক্ষণ ও বিনষ্টকরণসহ সব ধরনের কার্যক্রমে আন্তর্জাতিক মান নিশ্চিত করা হবে। লজিস্টিকস খাতে দুর্ঘটনায় বীমা সুবিধা থাকবে। নিরাপত্তা ও কমপ্লায়েন্স নিশ্চিত করতে প্রশিক্ষিত ও সনদপ্রাপ্ত জনবল তৈরির উদ্যোগ নেওয়া হবে। নীতিটি বাস্তবায়নে প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টার সভাপতিত্বে জাতীয় লজিস্টিক উন্নয়ন কাউন্সিল এবং মুখ্য সচিবের সভাপতিত্বে সমন্বয় কমিটি গঠন করা হবে। সরকারি-বেসরকারি প্রতিনিধির সমন্বয়ে কাজ করবে এই কাউন্সিল ও কমিটি। লজিস্টিকস কার্যক্রমে সরকারের ৯ মন্ত্রণালয় এবং ১৯টি সংস্থা যুক্ত থাকবে। সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থাকে নিজ কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ দেওয়া হবে।
বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্টের (বিল্ড) চেয়ারপারসন আবুল কাসেম খান বলেন, বাংলাদেশ লজিস্টিক খাতে ভিয়েতনাম, ভারতসহ বিভিন্ন দেশের তুলনায় অনেক পিছিয়ে। গত বছর প্রথমবার নীতি প্রণয়ন করা হলেও তাতে অনেক অসামঞ্জস্য ছিল। এবার ব্যবসায়ীসহ সব পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে এটিকে আরও লক্ষ্যভিত্তিক করা হয়েছে। তবে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের জন্য সময়ভিত্তিক অগ্রাধিকার নির্ধারণ করতে হবে। পাশাপাশি নিয়মিত অগ্রগতির মনিটরিং রাখা প্রয়োজন।

