দেশের অর্থনীতি থমকে গেছে। অনেক কারখানায় ভাঙচুর হয়েছে, আগুন দেওয়া হয়েছে। উৎপাদন নেই, বাজারে প্রাণচাঞ্চল্য হারিয়েছে। আইন-শৃঙ্খলার পরিস্থিতি ভঙ্গুর। নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি তৈরি হয়েছে। নতুন কোনো বিনিয়োগ আসছে না। মূল্যস্ফীতি হাহাকার সৃষ্টি করেছে, সাধারণ মানুষ চাপে পড়েছে। চাহিদা ও ভোগের মধ্যে বড় পার্থক্য দেখা গেছে। সব মিলিয়ে অর্থনীতির গতিশীলতা অনেকটা থেমে গেছে।
এভাবে থেমে গেছে দেশের রাজস্ব আয়ও। করদাতারা এবার ঠিকমতো কর দিতে পারছেন না। যারা বাধ্যতামূলকভাবে আয়কর রিটার্ন জমিয়েছেন, তাদের ৮৮ শতাংশ ‘শূন্য কর’ দেখিয়েছে। মানে এই রিটার্নদাতারা কোনো কর দিতে পারেননি। তথ্যটি জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
গত বৃহস্পতিবার পর্যন্ত বাধ্যতামূলক ই-রিটার্ন জমা দিয়েছেন ১১ লাখ ৫৯ হাজার ৩৭ জন। এর মধ্যে ১০ লাখ ২৫ হাজার ১০৯ জন শুধু রিটার্ন জমিয়েছেন, কোনো টাকা দেননি। এটি মোট রিটার্নের ৮৮.৪৪ শতাংশ। অন্যদিকে অন্তত ন্যূনতম কর জমিয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৯২৮ জন, যা ১১.৫৬ শতাংশ। এর মাধ্যমে আয়কর আদায় হয়েছে মাত্র ৮৯ কোটি ৭৮ লাখ ৮০ হাজার ৪৩২ টাকা।
পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর তথ্য বলছে, বর্তমানে দেশের প্রায় ৪০ লাখ মানুষ সরাসরি পোশাক খাতের ওপর নির্ভরশীল। পরোক্ষভাবে এই নির্ভরতার সংখ্যা দুই কোটি। কিন্তু গত ১৪ মাসে সাভার, গাজীপুর, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে মোট ৩৫৩টি কারখানা বন্ধ হয়েছে। ফলে বেকার হয়েছেন এক লাখ ১৯ হাজার ৮৪২ শ্রমিক। পোশাক খাত ছাড়াও অনেক শিল্প-কারখানা বন্ধ হয়েছে। ফলে বহু মানুষ কর্মহীন হয়েছে। তাঁদের মধ্যে কর্মকর্তা পর্যায়ের অনেকের করযোগ্য আয়ও ছিল।
ফলে যারা আগে কর দিতেন, অনেকেই এবার ‘শূন্য কর’ দিচ্ছেন। সাভারের একটি পোশাক কারখানা বন্ধ হওয়ায় অর্থবছরের প্রায় আট মাস কর্মহীন ছিলেন রবিউল হাসান। বাকি চার মাসে করযোগ্য আয় না থাকায় তিনি শূন্য কর দিয়েছেন। এর আগের করবর্ষে তিনি ন্যূনতম করের চেয়েও বেশি কর দিয়েছেন। শুধু রবিউলই নয়, এমন করদাতার সংখ্যা অনেক। শূন্য করের উচ্চ অনুপাত তা স্পষ্ট করে। শুধু করখানার কর্মকর্তা নয়, ব্যবসা-বাণিজ্যে মন্দার কারণে অনেক করদাতার আয়ও কমেছে। ফলে তাঁরা কাঙ্ক্ষিত কর দিতে পারছেন না।
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বলেন, শূন্য করদাতার সংখ্যা এতটা বেশি নাও হতে পারে। তিনি বলেন, “ই-রিটার্ন বাধ্যতামূলক হওয়ায় মানুষ রিটার্ন জমা দিচ্ছে, এটা ইতিবাচক। তবে এত বড়সংখ্যক শূন্য করের ক্ষেত্রে যাচাই-বাছাই প্রয়োজন। অনেকেই কম আয়ের কারণে শূন্য কর দিচ্ছেন। অনলাইনে যাঁরা রিটার্ন জমা দিচ্ছেন, সব ক্ষেত্রেই তথ্য সঠিক নাও হতে পারে। দেশের হাউসহোল্ড ইনকাম এক্সপেন্ডিচার সার্ভের (খানা আয় ও ব্যয় জরিপ) তথ্যের সঙ্গে রিটার্নের সংখ্যা মিলছে না। এনবিআরের পক্ষ থেকে শূন্য করদাতাদের তথ্য যাচাই করা উচিত। লেনদেন যাচাই করে রিটার্নের সঠিকতা নিশ্চিত করা সম্ভব।”
দেশে এখন পর্যন্ত নিবন্ধিত করদাতা আছেন এক কোটি ২৩ লাখ। তার মধ্যে এখনও অনেকের রিটার্ন জমা দেওয়া বাকি। নিয়ম অনুযায়ী প্রতিবছর ১ জুলাই থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ব্যক্তিশ্রেণির করদাতারা আয়কর রিটার্ন জমা দিতে পারেন। ২০২৫-২৬ করবর্ষে সবার জন্য ই-রিটার্ন বাধ্যতামূলক করা হয়েছে। এর আগে গত বছর দেশের কয়েকটি সিটি করপোরেশন এলাকার সব সরকারি কর্মচারী, তফসিলি ব্যাংক, মোবাইল টেলিকম প্রতিষ্ঠান, ইউনিলিভার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, ম্যারিকো, বার্জার পেইন্টস, বাটা শু ও নেসলেতে কর্মরত সকল কর্মচারীকে ই-রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছিল। এতে অনলাইনে রিটার্ন জমা পড়েছিল ১৭ লাখ এবং মোট রিটার্ন জমা পড়েছিল ৪৫ লাখ।
এ বছর এনবিআর বেশির ভাগ করদাতাকে আয়করের আওতায় আনতে চাচ্ছে। তবে এখন পর্যন্ত রিটার্ন জমার সংখ্যা কম। নির্ধারিত সময়ের মধ্যে কতটা রিটার্ন জমা হবে, তা এখনও স্পষ্ট নয়। এনবিআরের একজন শীর্ষ কর্মকর্তা বলেন, “সাধারণত শেষ সময়ে রিটার্ন জমার প্রবণতা বেশি থাকে। এ বছর অনেক নতুন করদাতা নিবন্ধন নিয়েছেন। তাঁরা আগামী ৩০ জুন পর্যন্ত স্বনির্ধারণী পদ্ধতিতে রিটার্ন জমা করতে পারবেন। সব মিলিয়ে গত বছরের তুলনায় এবার রিটার্নের পরিমাণ বাড়বে।”
শূন্য করের হার এত বেশি কেন জানতে চাইলে কর্মকর্তা বলেন, “ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ভুয়া প্রচার হয়েছে। অনেকে বুঝে না বুঝেই রিটার্ন জমা দিয়েছেন। মিথ্যা তথ্য দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে যারা ভুলবশত শূন্য কর দিয়েছেন, তাঁরা সংশোধনী রিটার্ন পূরণ করে নতুন করে রিটার্ন জমা দিতে পারবেন।”
ই-রিটার্ন ব্যবহারের মাধ্যমে করদাতারা আয়কর অফিসে যাতায়াত ও অন্যান্য ঝামেলা থেকে মুক্ত হয়েছেন। তবে ই-রিটার্ন ব্যবহারে কিছু সমস্যারও মুখোমুখি হচ্ছেন অনেকে। যেমন: সার্ভারের দুর্বলতা, মোবাইলে ওটিপি দেরি হওয়া, রেজিস্ট্রেশনে বিড়ম্বনা, রিটার্নের ফাইনাল প্রিভিউ ডাউনলোডে সমস্যা, গত বছর অফলাইনে রিটার্ন জমা দেওয়ার পর অনলাইনে রেজিস্টার না করা, কল সেন্টারে ফোন দিয়ে কাঙ্ক্ষিত সেবা না পাওয়া।

