দেশের সিরামিক শিল্পকে বিশ্ববাজারে তুলে ধরতে ঢাকায় শুরু হচ্ছে চার দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী। এ মেলার পোশাকি নাম ‘সিরামিক এক্সপো বাংলাদেশ ২০২৫’। রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরায় (আইসিসিবি) ২৭ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত চলবে এ মেলা। আয়োজক বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএমইএ)।
গতকাল রবিবার পল্টনের ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত সংবাদ সম্মেলনে বিসিএমইএ এই তথ্য নিশ্চিত করেছে। সংগঠনটি জানায়, মেলায় বাংলাদেশসহ ২৫টি দেশ থেকে ১৩৫টি প্রতিষ্ঠান ও ৩০০ ব্র্যান্ড অংশ নেবে। এছাড়া খাতের ৫০০ জন আন্তর্জাতিক প্রতিনিধি ও ক্রেতাও উপস্থিত থাকবেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৭ নভেম্বর বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন হবে। ২৯ নভেম্বর একটি বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন।
বিসিএমইএ সভাপতি মইনুল ইসলাম বলেন, দেশে ইতোমধ্যে টেবিলওয়্যার, টাইলস ও স্যানিটারিওয়্যারসহ বিভিন্ন খাতে ৭০টির বেশি কারখানা গড়ে উঠেছে। এসব পণ্যের স্থানীয় বাজারের মূল্য বছরে প্রায় ৮ হাজার কোটি টাকা। গত দশ বছরে শিল্পে উৎপাদন ও বিনিয়োগ বেড়েছে প্রায় ১৫০ শতাংশ। বর্তমানে ৫০টির বেশি দেশে বাংলাদেশের সিরামিক পণ্য রপ্তানি হচ্ছে। রপ্তানির মাধ্যমে বছরে আয় হচ্ছে প্রায় ৫০০ কোটি টাকা। সব মিলিয়ে শিল্প খাতে মোট বিনিয়োগ ১৮ হাজার কোটি টাকার বেশি। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর্মসংস্থান হয়েছে প্রায় পাঁচ লাখ মানুষের।
মেলা কমিটির চেয়ারম্যান ও বিসিএমইএ সাধারণ সম্পাদক ইরফান উদ্দীন বলেন, ‘সিরামিক এক্সপো বাংলাদেশ-২০২৫ দেশের চতুর্থ ও এশিয়ার অন্যতম বৃহৎ আন্তর্জাতিক প্রদর্শনী। এতে থাকবে তিনটি সেমিনার, জব ফেয়ার, বিটুবি ও বিটুসি মিটিং, লাইভ ডেমোনস্ট্রেশন, স্পট অর্ডার, র্যাফেল ড্র ও নতুন পণ্যের উদ্বোধন। সিরামিক প্রস্তুতকারক, রপ্তানিকারক ও সরবরাহকারীরা এ মেলায় তাদের নতুন পণ্য, আধুনিক প্রযুক্তি ও দক্ষতা বিশ্বব্যাপী প্রদর্শন করবেন।’
ইরফান উদ্দীন আরও বলেন, ‘সিরামিক শিল্পে প্রযুক্তির ব্যবহার ভবিষ্যৎকে পুরোপুরি বদলে দেবে। অটোমেশন, উন্নত ডিজিটাল প্রিন্টিং, রোবোটিক হ্যান্ডলিংসহ আধুনিক প্রযুক্তি শিল্পে বড় পরিবর্তন আনবে। উৎপাদন আরও দ্রুত, নির্ভুল ও সাশ্রয়ী হবে। বিশ্বব্যাপী স্মার্ট টাইলস ও সেন্সর ইন্টিগ্রেটেড পণ্যের জনপ্রিয়তা বাড়ছে। ভবিষ্যতে এ ধরনের প্রযুক্তি বাংলাদেশের বাজারেও প্রভাব ফেলবে। প্রেমিক এক্সপোতে প্রতিষ্ঠানগুলো সরাসরি প্রযুক্তির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, চার দিনব্যাপী মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। এবারের সিরামিক এক্সপোর প্রধান পৃষ্ঠপোষক শেলটেক সিরামিকস। প্লাটিনাম স্পনসর হিসেবে আছেন ডিবিএল সিরামিকস, আকিজ সিরামিকস ও মেঘনা সিরামিক। গোল্ড স্পনসর হিসেবে রয়েছেন মীর সিরামিক, আবুল খায়ের সিরামিক, এইচএলটি ডিএলটি ও সাকমি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিসিএমইএর জ্যেষ্ঠ সহসভাপতি মো. মামুনুর রশীদ ও আবদুল হাকিম, সহসভাপতি রাশীদ মাইমুনুল ইসলাম এবং পরিচালক মো. জিয়াউল হক।

