২০২৬-২৭ অর্থবছরের জাতীয় রাজস্ব বাজেট প্রণয়নের প্রস্তুতি হিসেবে প্রাক-বাজেট আলোচনা শুরু হবে আগামী ৩১ মার্চ।
প্রথম দিনের আলোচনায় অংশগ্রহণ করবে টেলিভিশন চ্যানেল মালিকদের সমিতি (অ্যাটকো) এবং নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। সভার সভাপতিত্ব করবেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।
গতকাল বৃহস্পতিবার (১২ মার্চ) এনবিআরের প্রধান বাজেট সমন্বয়কারীর দপ্তর থেকে দুই সংগঠনের কাছে পাঠানো আমন্ত্রণপত্রে এ তথ্য নিশ্চিত করা হয়। আলোচনায় অংশগ্রহণের জন্য এনবিআরের প্রথম সচিব (কাস্টমস: অটোমেশন) ও প্রধান বাজেট সমন্বয়কারী এস এম শামসুজ্জামান দু’টি সংগঠনের কাছে চিঠি পাঠিয়েছেন।
একই দিনে দুপুর আড়াইটায় ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও প্রাক-বাজেট আলোচনায় অংশ নেবেন।
এর আগে, ২৪ ফেব্রুয়ারি এনবিআর নতুন বাজেটের জন্য আয়কর-সংক্রান্ত আইন ও বিধিতে প্রয়োজনীয় সংশোধন, সংযোজন বা পরিবর্তনের প্রস্তাব ও সুপারিশ সংগ্রহ করতে দেশের বিভিন্ন খাতের ব্যবসায়ী প্রতিনিধি এবং সরকারি-বেসরকারি অংশীদারদের কাছে আহ্বান জানিয়েছিল।
এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ জানিয়েছেন, কর ব্যবস্থাকে আরও আধুনিক ও অংশীদারিত্বমুখী করার লক্ষ্যে ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট প্রণয়নের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। এটি নতুন সরকারের প্রথম বাজেট হবে।

