দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহের ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। চলতি অর্থবছর ২০২৫-২৬ সালের জুলাই থেকে ১১ মার্চ পর্যন্ত দেশে প্রাপ্ত রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ৪৩৭ কোটি ৪০ লাখ মার্কিন ডলার।
গত অর্থবছরের একই সময়ে এই পরিমাণ ছিল ১ হাজার ৯৮২ কোটি মার্কিন ডলার। এ হিসাবে রেমিট্যান্স প্রবাহে ২২.৯ শতাংশ বৃদ্ধি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১১ মার্চ একদিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৮ কোটি ৩০ লাখ মার্কিন ডলার।
চলতি মাসের ১ থেকে ১১ মার্চ পর্যন্ত সময়ে দেশে রেমিট্যান্স এসেছে মোট ১৯২ কোটি মার্কিন ডলার। তুলনামূলকভাবে, গত বছরের একই সময়ে এই পরিমাণ ছিল ১৩৩ কোটি মার্কিন ডলার। এ হিসাবে গত বছরের একই সময়ে ১১ মার্চ পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ প্রায় ৪৪.৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

