জার্মানিতে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়তে যেতে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা আবেদনে নতুন ডিজিটাল ব্যবস্থা চালু করতে যাচ্ছে ঢাকার জার্মান দূতাবাস। আগামী ১ জানুয়ারি থেকে এ পদ্ধতি কার্যকর হবে। এর ফলে আবেদনকারীরা ঘরে বসেই অনলাইনে ভিসার আবেদন ফরম পূরণ ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে পারবেন। একই সঙ্গে ভিসার সাক্ষাৎকারের জন্য দীর্ঘ অপেক্ষার সময় কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
গত ১৫ নভেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকার জার্মান দূতাবাস। নতুন ব্যবস্থাটি পরিচালিত হবে জার্মানির কনস্যুলার সার্ভিসেস পোর্টাল বা আউসল্যান্ডস পোর্টালের মাধ্যমে। আবেদনকারীরা প্রথমে অনলাইনে প্রয়োজনীয় তথ্য ও নথিপত্র জমা দেবেন। এরপর দূতাবাসের বহিরাগত সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবাল জমা দেওয়া কাগজপত্রের প্রাথমিক যাচাই করবে।
নতুন পদ্ধতিতে সরাসরি সাক্ষাৎকারের সময় মূলত আবেদনকারীর বায়োমেট্রিক তথ্য সংগ্রহ, ভিসা ফি পরিশোধ এবং প্রয়োজনীয় কাগজপত্রের প্রাথমিক যাচাইয়ের কাজ সম্পন্ন করা হবে। এতে সাক্ষাৎকারের জন্য নির্ধারিত সময় কম লাগবে বলে আশা করছে দূতাবাস। পাশাপাশি আবেদনকারীরা অনলাইন পোর্টালের মাধ্যমে নিজেদের ভিসার আবেদনের অগ্রগতি জানতে পারবেন। প্রযোজ্য ক্ষেত্রে পরিবারের সদস্যদের সঙ্গে যৌথভাবেও আবেদন জমা দেওয়ার সুযোগ থাকবে।
তবে নতুন ব্যবস্থা চালুর সঙ্গে পুরোনো আবেদনপ্রক্রিয়ায় বড় পরিবর্তন আসছে। দূতাবাস জানিয়েছে, ২০২৬ সালের শেষ নাগাদ আগের পদ্ধতির অধীনে থাকা সাক্ষাৎকারের অপেক্ষমাণ তালিকা বাতিল করা হবে। ফলে ইতিমধ্যে তালিকায় নাম নিবন্ধন করা শিক্ষার্থীদেরও নতুন করে কনস্যুলার সার্ভিসেস পোর্টালে অ্যাকাউন্ট খুলে আবেদন জমা দিতে হবে।
এ পরিবর্তনের কারণে দীর্ঘদিন ধরে সাক্ষাৎকারের অপেক্ষায় থাকা শিক্ষার্থীদের নতুন করে আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তবে নতুন ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে আবেদন যাচাইয়ের সক্ষমতা বাড়বে এবং সাক্ষাৎকারের অপেক্ষার সময় কমে আসবে বলে আশা করছে জার্মান দূতাবাস।
দূতাবাস আরও জানিয়েছে, নতুন পদ্ধতিতে আবেদনপ্রক্রিয়া সহজ ও স্বচ্ছ করার পাশাপাশি কাগজপত্র যাচাইয়ের দক্ষতা বাড়ানোর লক্ষ্য রয়েছে। তবে সব আবেদনকারীর ভিসা প্রক্রিয়া সম্পন্ন হতে একই সময় লাগবে না। আবেদনকারীর ব্যক্তিগত পরিস্থিতি ও জমা দেওয়া নথিপত্রের ওপর ভিত্তি করে প্রক্রিয়াকরণের সময় ভিন্ন হতে পারে।

