Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, নভে. 26, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » শিক্ষকসংকটে কারিগরি শিক্ষা, পাঁচ বছরে শিক্ষার্থী কমেছে ১৫ শতাংশ
    শিক্ষা

    শিক্ষকসংকটে কারিগরি শিক্ষা, পাঁচ বছরে শিক্ষার্থী কমেছে ১৫ শতাংশ

    নিউজ ডেস্কUpdated:নভেম্বর 26, 2026নভেম্বর 26, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় শিক্ষার্থীর অংশগ্রহণ কমছে। একই সঙ্গে শিক্ষকসংকট, উচ্চ ঝরে পড়ার হার এবং প্রশিক্ষণের মান নিয়ে উদ্বেগ বাড়ছে। দক্ষ জনশক্তি তৈরির জন্য বিপুলসংখ্যক তরুণ থাকা এবং প্রশিক্ষণ অবকাঠামোয় বিনিয়োগের পরও এ খাতে প্রত্যাশিত অগ্রগতি হচ্ছে না। সরকারের সহায়তায় পরিচালিত এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে।

    অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উদ্যোগে পরিচালিত ‘কারিগরি ও বৃত্তিমূলক দক্ষতার সার্বিক চিত্র’ শীর্ষক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯-২০ শিক্ষাবর্ষে দেশে আনুষ্ঠানিক কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা কার্যক্রমে শিক্ষার্থী ছিল ৪ লাখ ৮৮ হাজার ৫৫২ জন। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে তা কমে দাঁড়িয়েছে ৪ লাখ ১৭ হাজার ৩৫৬ জনে। অর্থাৎ পাঁচ বছরে শিক্ষার্থী কমেছে প্রায় ১৫ শতাংশ।

    স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের পর আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা আরও কঠিন হয়ে উঠতে পারে। এ পরিস্থিতিতে প্রয়োজনীয় দক্ষতাসম্পন্ন কর্মী তৈরি করতে না পারলে দেশের রপ্তানি খাতেও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। গবেষণায় সতর্ক করা হয়েছে, প্রয়োজনীয় কারিগরি দক্ষতার ঘাটতির কারণে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পর বছরে প্রায় ২০০ কোটি ডলারের রপ্তানি আয় হারানোর ঝুঁকি তৈরি হতে পারে।

    শিক্ষকসংকটে ব্যাহত হচ্ছে প্রশিক্ষণ

    কারিগরি শিক্ষার অন্যতম বড় বাধা হয়ে উঠেছে প্রশিক্ষকের অভাব। গবেষণায় দেখা গেছে, বিভিন্ন কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রশিক্ষকের শূন্য পদ ২০২১ সালের ৪১ দশমিক ৬ শতাংশ থেকে বেড়ে ২০২২ সালে ৮১ দশমিক ৫ শতাংশে পৌঁছেছে।

    দেশে বর্তমানে শিক্ষক-শিক্ষার্থী অনুপাত ৩৩:১। অথচ সরকারের নির্ধারিত লক্ষ্যমাত্রা ১২:১ এবং অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার আন্তর্জাতিক মানদণ্ড ১৫:১।

    সরকারি প্রতিষ্ঠানগুলোতে পরিস্থিতি আরও উদ্বেগজনক। সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে প্রতি একজন শিক্ষকের বিপরীতে শিক্ষার্থী রয়েছেন ১০৮ জন। সরকারি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এ অনুপাত ৮৯:১। অন্যদিকে কারিগরি স্কুল ও কলেজে প্রতি একজন শিক্ষকের বিপরীতে শিক্ষার্থীর সংখ্যা ৬৩।

    প্রশিক্ষক তৈরির জন্য গুরুত্বপূর্ণ দুটি প্রতিষ্ঠান—কারিগরি শিক্ষক প্রশিক্ষণ কলেজ এবং বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট—এক দশকেরও বেশি সময় ধরে কার্যত অকার্যকর রয়েছে। গবেষণায় নিয়োগপ্রক্রিয়ার ধীরগতি, কেন্দ্রীয়ভাবে নিয়োগের জটিলতা এবং বাস্তব কর্মদক্ষতার পরিবর্তে শিক্ষাগত যোগ্যতাকে বেশি গুরুত্ব দেওয়ার বিষয়টিও চিহ্নিত করা হয়েছে।

    ভর্তি কমছে, ঝরে পড়ছে শিক্ষার্থী

    দেশে ১৫ থেকে ২৪ বছর বয়সী তরুণের সংখ্যা ৩ কোটি ২৭ লাখ হলেও ২০২৩ সালে তাঁদের মাত্র ৫ দশমিক ০৪ শতাংশ কারিগরি শিক্ষায় ভর্তি ছিলেন। প্রতিযোগী কয়েকটি দেশের তুলনায় এ হার উল্লেখযোগ্যভাবে কম।

    ২০২৪ সালে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ ২০ লাখ ৭০ হাজার শিক্ষার্থীর মধ্যে মাত্র ১২ শতাংশ কারিগরি শিক্ষাকে পরবর্তী শিক্ষার মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন। অন্যদিকে প্রকৌশল ডিপ্লোমা কোর্সে নির্ধারিত ১ লাখ ৭১ হাজার ৫০০ আসনের বিপরীতে ভর্তি হয়েছেন মাত্র ৪০ শতাংশ শিক্ষার্থী।

    শিক্ষার্থীদের ঝরে পড়ার হারও উদ্বেগজনক। উচ্চমাধ্যমিক পর্যায়ের বৃত্তিমূলক শিক্ষায় ঝরে পড়ার হার ৪৪ দশমিক ৬ শতাংশ। সাধারণ শিক্ষায় এ হার ১৯ দশমিক ৪ শতাংশ। মাধ্যমিক পর্যায়ের বৃত্তিমূলক শিক্ষায় ঝরে পড়ার হার ২৯ শতাংশ এবং প্রকৌশল ডিপ্লোমা কোর্সে ৭ দশমিক ৭ শতাংশ।

    গবেষণা অনুযায়ী, শিক্ষার্থীদের পড়াশোনা ছেড়ে দেওয়ার প্রধান কারণ আর্থিক সংকট। এ ছাড়া পরীক্ষায় অকৃতকার্য হওয়া এবং একই শ্রেণিতে বারবার পড়ার কারণেও শিক্ষাজীবন দীর্ঘ হচ্ছে। সাধারণত দুই বছরের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও মাধ্যমিক বৃত্তিমূলক শিক্ষা শেষ করতে গড়ে ২ দশমিক ৭৫ বছর সময় লাগছে।

    কারিগরি শিক্ষায় নারী-পুরুষের অংশগ্রহণেও বৈষম্য রয়েছে। প্রকৌশল ডিপ্লোমার শিক্ষার্থীদের মাত্র ১৩ দশমিক ৬ শতাংশ নারী। অন্যদিকে মাধ্যমিক বৃত্তিমূলক শিক্ষায় নারীর অংশগ্রহণ ২৭ শতাংশ।

    ঝুঁকিতে রপ্তানি প্রতিযোগিতা

    কারিগরি দক্ষতার ঘাটতি দেশের আন্তর্জাতিক বাণিজ্যেও প্রভাব ফেলতে পারে বলে সতর্ক করেছে গবেষণাটি। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পর বিদ্যমান বাণিজ্যসুবিধা কমে গেলে উৎপাদনশীলতা বাড়াতে না পারার কারণে বাংলাদেশের মোট রপ্তানি ৫ দশমিক ৫ থেকে ৭ দশমিক ৫ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে।

    এর ফলে বছরে প্রায় ২০০ কোটি ডলারের অর্থনৈতিক ক্ষতির আশঙ্কা রয়েছে। বিশেষ করে তৈরি পোশাকসহ শ্রমনির্ভর শিল্পগুলো বেশি ঝুঁকিতে পড়তে পারে।

    গবেষণায় কারিগরি শিক্ষার পাঠ্যক্রমের আধুনিকায়নের অভাব এবং শিল্পপ্রতিষ্ঠানগুলোর সীমিত অংশগ্রহণকে দক্ষ কর্মী তৈরির বড় বাধা হিসেবে চিহ্নিত করা হয়েছে। জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ ১৬টি শিল্পভিত্তিক দক্ষতা পরিষদ গঠন করলেও বাধ্যতামূলক শিক্ষানবিশি আইন না থাকায় কর্মক্ষেত্রভিত্তিক প্রশিক্ষণের বিস্তার সীমিত রয়েছে।

    কারিগরি শিক্ষায় জার্মান মডেল অনুসরণের প্রস্তাব

    এসব সমস্যা সমাধানে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের গবেষণায় ২০২৬-২০৪০ মেয়াদের একটি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা মহাপরিকল্পনা এবং ২০২৫-২০৩০ মেয়াদের বাস্তবায়ন রূপরেখা প্রণয়নের প্রস্তাব দেওয়া হয়েছে। টেকসই উত্তরণ সহায়তা প্রকল্পের আওতায় পরিচালিত এ গবেষণায় শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান ও বাস্তব কর্মক্ষেত্রের প্রশিক্ষণ সমন্বয়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

    এ ক্ষেত্রে জার্মানির দ্বৈত প্রশিক্ষণ পদ্ধতি অনুসরণের সুপারিশ করা হয়েছে। এ ব্যবস্থায় শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে তাত্ত্বিক শিক্ষা গ্রহণের পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠানে সরাসরি কাজের অভিজ্ঞতা অর্জন করবেন। প্রাথমিক পর্যায়ে তৈরি পোশাক, তথ্যপ্রযুক্তি ও নির্মাণশিল্পে এ পদ্ধতি চালুর প্রস্তাব রয়েছে।

    এ ছাড়া শিল্পপ্রতিষ্ঠানের অংশগ্রহণে পাঠ্যক্রম নিয়মিত পর্যালোচনা, কর্মক্ষেত্রের প্রশিক্ষকদের জন্য জাতীয় সনদব্যবস্থা চালু এবং আর্থিক সংকটে থাকা শিক্ষার্থীদের জন্য নমনীয় প্রশিক্ষণসুবিধা তৈরির সুপারিশ করা হয়েছে।

    বিশেষ করে দীর্ঘমেয়াদি কোর্স শেষ করার আগেই শিক্ষার্থীরা যাতে স্বল্পমেয়াদি প্রশিক্ষণের মাধ্যমে স্বীকৃত যোগ্যতা অর্জন করতে পারেন, সে ধরনের সুযোগ তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

    সব মিলিয়ে গবেষণার পর্যবেক্ষণ বলছে, কারিগরি শিক্ষায় শুধু অবকাঠামো ও আসনসংখ্যা বাড়ালেই দক্ষ জনশক্তি তৈরি সম্ভব নয়। পর্যাপ্ত শিক্ষক নিয়োগ, প্রশিক্ষণের মান উন্নয়ন, শিক্ষার্থীদের ঝরে পড়া কমানো এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষাব্যবস্থার কার্যকর সংযোগ তৈরি করাও জরুরি। অন্যথায় দেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ কর্মশক্তিতে রূপান্তরের সুযোগ সীমিত হয়ে পড়তে পারে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ৩ লাখ মেধাবী ছাত্রীর হাতে উঠছে বিনামূল্যের সাইকেল

    নভেম্বর 26, 2026
    শিক্ষা

    বিতর্কের আবহে প্রভোস্ট পদ থেকে সরলেন অধ্যাপক স্নিগ্ধা

    নভেম্বর 25, 2026
    শিক্ষা

    দশ বিশ্ববিদ্যালয়ে ভর্তির দুয়ার খুলছে, আবেদন শুরু আজ

    নভেম্বর 25, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.