বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রির এক আলোচিত নাম ফ্যাশন ডিজাইনার পিয়াল হোসেন। তিনি গত কয়েক বছর ধরে ‘নিউইয়র্ক ফ্যাশন উইক’-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করে আসছেন এবং এবার তিনি আয়োজন করতে চলেছেন এক বিশেষ অনুষ্ঠান- ‘আইকনিক স্টার অ্যান্ড বিজনেস অ্যাওয়ার্ড’।

আগামী ২৪ নভেম্বর নিউইয়র্কের লা গার্ডিয়া ম্যারিয়াট হোটেলে অনুষ্ঠিত হতে যাওয়া এই জমকালো অনুষ্ঠানে বাংলাদেশের খ্যাতনামা তারকা শিল্পীরা উপস্থিত থাকবেন। পিয়াল হোসেন নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।
এ সম্পর্কে পিয়াল হোসেন জানান, ‘‘এই আয়োজনে উপস্থিত থাকবেন বাংলাদেশের শোবিজ ও সাংস্কৃতিক অঙ্গনের প্রখ্যাত মুখগুলো। শোবিজ তারকাদের সম্মাননা প্রদান করা হবে এবং অনুষ্ঠানটিতে থাকবে বিশেষ ফ্যাশন ও মিউজিক্যাল শো।’’ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন চিত্রনায়িকা মৌসুমী, অমিত হাসান, বিদ্যা সিনহা মিম, তানজিন তিশা, সজল, ইমন, নিরব, রোশান, মন্দিরা চক্রবর্তী, পায়েল সরকারসহ আরও অনেকে।

গানের জগত থেকে যোগ দেবেন আঁখি আলমগীর, বিপ্লব, এস আই টুটুল, রিজিয়া পারভীন, রেশমি মির্জা ও স্বপ্নিল সজিব। অনুষ্ঠানটি উপস্থাপন করবেন দেবাশীষ বিশ্বাস, যিনি তার স্নিগ্ধ উপস্থাপনায় অনুষ্ঠানটিকে আরও আকর্ষণীয় করে তুলবেন।

অনুষ্ঠানে অংশগ্রহণের ব্যাপারে তারকাদের প্রতিক্রিয়া বেশ ইতিবাচক। জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম বলেন, ‘‘পিয়াল ভাই একজন প্রিয় মানুষ। তার আয়োজনে অংশগ্রহণ করতে পেরে আমি খুশি। আশা করি, নিউইয়র্কে এটি একটি দারুণ ইভেন্ট হবে।’’ চিত্রনায়ক ইমন বলেন, ‘‘নিউইয়র্কের উদ্দেশ্যে যাবার প্রস্তুতি প্রায় শেষ। আমি আইকনিক স্টার অ্যাওয়ার্ডে অংশ নিতে যাচ্ছি।’’ নিরবও জানিয়েছেন, ‘‘বর্তমানে থাইল্যান্ডে থাকলেও কিছু কাজ শেষ করে খুব শিগগিরই নিউইয়র্কে রওনা হব।’’
পিয়াল হোসেন দীর্ঘদিন ধরে ঢাকার শোবিজে কোরিওগ্রাফার হিসেবে পরিচিত। তার হাত ধরে একাধিক বড় শো সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। বিগত বছর ‘আইকনিক স্টার অ্যান্ড বিজনেস অ্যাওয়ার্ড’ অনুষ্ঠিত হয়েছিল পশ্চিমবঙ্গে, যেখানে দুই বাংলার তারকারা অংশগ্রহণ করেছিলেন। এবার সেই ধারাবাহিকতা বজায় রেখে নিউইয়র্কে এই আয়োজন হচ্ছে। পিয়াল বলেন, ‘‘আমাদের দেশের শোবিজ শিল্পীদের সঠিক উপস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বহু বছর ধরে আমরা দেখছি, অনেক শিল্পীর আলাদা ফ্যাশন ডিজাইনার বা ম্যানেজমেন্ট অফিস নেই। সেই জায়গা থেকে আমি শিল্পীদের জন্য একটি বড় প্ল্যাটফর্ম তৈরি করেছি। এই আয়োজনে শিল্পীরা তাদের প্রতিভা ও সৃজনশীলতা সঠিকভাবে প্রদর্শন করতে পারবেন। আমরা এখানে শো শুরুর আগে কঠোর রিহার্সেল করছি, যাতে পারফরম্যান্স আরও উঁচু মানের হয়।’’
আগামী বছরে কানাডায় এবং পরবর্তীতে অন্য দেশে এই আয়োজনটি করা হবে বলেও জানান পিয়াল হোসেন। তার এই উদ্যোগ শোবিজ শিল্পীদের আন্তর্জাতিক প্ল্যাটফর্মে তুলে ধরার ক্ষেত্রে একটি নতুন দিগন্ত উন্মোচন করতে চলেছে।

