নতুন সিনেমা ‘কিং’ মুক্তির আগেই আবারও আলোচনায় বলিউড তারকা শাহরুখ খান। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে আইনি পদক্ষেপ নিয়েছেন তিনি। ভিডিওটি নিয়ে বিভ্রান্তিকর ও মানহানিকর বক্তব্য প্রকাশের অভিযোগে এক কনটেন্ট নির্মাতাকে আইনি নোটিশ পাঠিয়েছেন অভিনেতা।
গত ২৩ নভেম্বর কনটেন্ট নির্মাতা সুবিজ্ঞ শর্মার কাছে এই নোটিশ পাঠানো হয়। শাহরুখের আইনজীবীর দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওটির ব্যাখ্যা করে যে বক্তব্য দেওয়া হয়েছে, তার পক্ষে নির্ভরযোগ্য কোনো প্রমাণ নেই। এসব মন্তব্য অভিনেতার ব্যক্তিগত সম্মান, ভাবমূর্তি ও মর্যাদার ক্ষতি করতে পারে।
সম্প্রতি মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে ধারণ করা ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে আধ্যাত্মিক গুরু সদ্গুরুর সঙ্গে কথা বলতে দেখা যায় অনন্ত আম্বানিকে। এ সময় শাহরুখ খানও তাঁদের পাশে দাঁড়িয়ে ছিলেন।
ভিডিওতে দেখা যায়, কথোপকথনের একপর্যায়ে অনন্ত নিজের ঠোঁটের কাছে আঙুল তুলে একটি অঙ্গভঙ্গি করেন। তাঁর এই আচরণকে অনেকে শাহরুখকে চুপ থাকতে বলার ইঙ্গিত হিসেবে ব্যাখ্যা করেন। এরপর থেকেই ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা শুরু হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে একটি সংক্ষিপ্ত ভিডিও তৈরি করেন কনটেন্ট নির্মাতা সুবিজ্ঞ শর্মা। সেখানে অনন্ত আম্বানির ওই অঙ্গভঙ্গি নিয়ে মন্তব্য করা হয়। ওই ভিডিওতে উপস্থাপিত বক্তব্যকেই আপত্তিকর ও মানহানিকর বলে উল্লেখ করেছেন শাহরুখের আইনজীবী।
আইনি নোটিশে বিতর্কিত ভিডিওটি অবিলম্বে সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। তা না হলে পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।
উল্লেখ্য, শাহরুখের নতুন সিনেমা ‘কিং’ মুক্তির আগে এমন ঘটনা ঘিরে আবারও আলোচনায় এসেছে অভিনেতার ব্যক্তিগত জীবন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওর বিশ্বাসযোগ্যতা।

