স্ট্রিমিং বিশ্বের অন্যতম বড় প্রতিষ্ঠান নেটফ্লিক্স তাদের কর্মীসংখ্যা কমানোর পরিকল্পনা করছে। প্রতিষ্ঠানটি মোট কর্মীর প্রায় ৫ শতাংশ ছাঁটাই করতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। এই সিদ্ধান্ত কার্যকর হলে প্রায় ৮০০ কর্মী চাকরি হারানোর আশঙ্কা রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, নেটফ্লিক্স বড় ধরনের পুনর্গঠন কার্যক্রমের অংশ হিসেবে এই কর্মী ছাঁটাইয়ের উদ্যোগ নিচ্ছে। আগামী সপ্তাহের মধ্যেই এ বিষয়ে ঘোষণা আসতে পারে। তবে কোন কোন বিভাগে সবচেয়ে বেশি প্রভাব পড়বে, তা এখনো স্পষ্ট নয়।
২০২৫ সালের শেষ নাগাদ নেটফ্লিক্সে প্রায় ১৬ হাজার পূর্ণকালীন কর্মী ছিল। সেই হিসাবে ৫ শতাংশ কর্মী কমানোর অর্থ প্রায় ৮০০টি পদ বিলুপ্ত হওয়া। প্রতিষ্ঠানটির মোট কর্মীর প্রায় ৬৮ শতাংশ, অর্থাৎ প্রায় ১০ হাজার ৯০০ জন কর্মী যুক্তরাষ্ট্র ও কানাডায় কর্মরত ছিলেন।
নেটফ্লিক্স এর আগে বড় ধরনের কর্মী ছাঁটাই করেছিল ২০২২ সালে। সে সময় প্রথম প্রান্তিকে প্রায় ২ লাখ গ্রাহক হারানোর পর প্রতিষ্ঠানটি প্রায় ৪৫০ জন কর্মীকে চাকরি থেকে সরিয়ে দেয়। এরপরও বিভিন্ন সময়ে ছোট পরিসরে কর্মী কমিয়েছে প্রতিষ্ঠানটি। ২০২৬ সালের শুরুতে বৈশ্বিক পণ্য উন্নয়ন দলের কয়েক ডজন কর্মীকেও ছাঁটাই করা হয়েছিল।
তবে নেটফ্লিক্সের শীর্ষ কর্মকর্তারা প্রতিষ্ঠানটির প্রবৃদ্ধি নিয়ে আশাবাদী। নেটফ্লিক্সের সহ-প্রধান নির্বাহী কর্মকর্তা টেড সারানডোস গত মাসে জানিয়েছিলেন, ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে বিশ্বের সব অঞ্চলে প্রতিষ্ঠানটির আয় দুই অঙ্কের হারে বেড়েছে। তবে একই সঙ্গে তিনি স্বীকার করেন, নেটফ্লিক্স আরও দ্রুত প্রবৃদ্ধি অর্জন করতে চায়।
তিনি বলেন, ব্যবহারকারীদের সম্পৃক্ততা বা দর্শকের আগ্রহ বাড়ানো এখনো একটি বড় চ্যালেঞ্জ। ২০২৬ সালের প্রথম ছয় মাসে ব্যবহারকারীদের সম্পৃক্ততা আগের বছরের তুলনায় মাত্র ২ শতাংশ বেড়েছে।
নেটফ্লিক্সের সরাসরি সম্প্রচারভিত্তিক অনুষ্ঠান নিয়েও প্রশ্ন উঠেছে। প্রতিষ্ঠানটির মোট কনটেন্ট বাজেটের প্রায় ৫ শতাংশ এই খাতে ব্যয় হলেও মোট দর্শক সময়ের মাত্র ১ শতাংশ এসেছে এসব অনুষ্ঠান থেকে।
সম্প্রতি নেটফ্লিক্স দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে আয় প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল। তবে তৃতীয় প্রান্তিকের জন্য প্রতিষ্ঠানটির আয় পূর্বাভাস বিশ্লেষকদের প্রত্যাশার তুলনায় কম হওয়ায় শেয়ারবাজারে চাপ তৈরি হয়েছে।
বিশ্লেষকদের মতে, দ্রুত পরিবর্তনশীল স্ট্রিমিং বাজার, বাড়তে থাকা প্রতিযোগিতা এবং বিনিয়োগের কার্যকারিতা বাড়ানোর প্রয়োজন থেকেই নেটফ্লিক্স এই পুনর্গঠনের পথে হাঁটছে।
তবে নেটফ্লিক্সের একজন মুখপাত্র সম্ভাব্য ছাঁটাইয়ের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। প্রতিষ্ঠানটি ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকের আর্থিক ফলাফল মঙ্গলবার বাজার বন্ধ হওয়ার পর প্রকাশ করার কথা রয়েছে।

