বিশ্বের জনপ্রিয় গুপ্তচর চরিত্র জেমস বন্ডের নতুন মুখ হিসেবে আসছেন হলিউড তারকা রবার্ট প্যাটিনসন। দীর্ঘদিনের বন্ড ড্যানিয়েল ক্রেগের জায়গায় এবার দেখা যাবে ৪০ বছর বয়সী এই ব্রিটিশ অভিনেতাকে। ২০২৮ সালে মুক্তির পরিকল্পনায় থাকা সিরিজের ২৬তম সিনেমার মধ্য দিয়ে শুরু হবে নতুন বন্ড-যুগ। তবে নতুন বন্ডের নাম প্রকাশ্যে আসার পর দর্শকদের আগ্রহের কেন্দ্রে এখন আরেকটি প্রশ্ন—প্যাটিনসনের বিপরীতে কে হচ্ছেন পরবর্তী বন্ড গার্ল?
বন্ড চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্যাটিনসন। এক বিবৃতিতে তিনি বলেন, জেমস বন্ড বিশ্ব চলচ্চিত্রের অন্যতম কিংবদন্তি চরিত্র। এমন একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়া তাঁর জীবনের সবচেয়ে বড় সম্মানগুলোর একটি। ০০৭ চরিত্রে অভিনয়ের সুযোগ তাঁর কাছে স্বপ্ন পূরণের চেয়েও বেশি কিছু।
নতুন সিনেমাটি পরিচালনা করবেন ‘অ্যারাইভাল’ ও ‘ডিউন’খ্যাত নির্মাতা ডেনিস ভিলনেভ। চিত্রনাট্য লিখছেন ‘পিকি ব্লাইন্ডার্স’খ্যাত স্টিভেন নাইট। নির্মাতা ও চিত্রনাট্যকারের এই সমন্বয় ঘিরেও দর্শকদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি প্রত্যাশা।
জেমস বন্ড সিরিজের ইতিহাসেও আসছে বড় পরিবর্তন। প্রায় ৬০ বছর ধরে চরিত্রটির চলচ্চিত্র নির্মাণ ও সৃজনশীল নিয়ন্ত্রণ ছিল ইয়ন ফিল্মসের হাতে। ১৯৬২ সালে ‘ডক্টর নো’ দিয়ে শুরু হয়ে ২০২১ সালের ‘নো টাইম টু ডাই’ পর্যন্ত প্রতিষ্ঠানটি মোট ২৫টি বন্ড সিনেমা নির্মাণ করেছে। ২০২১ সালে ইয়ন ফিল্মসকে কিনে নেয় এমজিএম। পরে গত বছরের চুক্তির মাধ্যমে জেমস বন্ডের মালিকানা ও সৃজনশীল নিয়ন্ত্রণের দায়িত্ব পায় আমাজন এমজিএম স্টুডিওস। ফলে নতুন সিনেমার অভিনয়শিল্পী নির্বাচন থেকে শুরু করে নির্মাণের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বও এখন তাদের হাতে।
পরিচিত প্রথা ভেঙে প্যাটিনসনকে কেন বেছে নেওয়া হলো?
জেমস বন্ড হিসেবে রবার্ট প্যাটিনসনের নাম আসায় চলচ্চিত্র বিশ্লেষকদের মধ্যেও আলোচনা শুরু হয়েছে। কারণ, অতীতে এই চরিত্রে সাধারণত এমন অভিনেতাদের নেওয়া হয়েছে, যাঁরা বন্ড হওয়ার আগে বিশ্বজুড়ে খুব বেশি পরিচিত ছিলেন না। শন কনারি থেকে ড্যানিয়েল ক্রেগ—অনেকেই বন্ড চরিত্রে অভিনয়ের পর আন্তর্জাতিক তারকা হিসেবে প্রতিষ্ঠা পেয়েছেন।
এবারের বন্ড নির্বাচনের দৌড়ে ক্যালাম টার্নার, জশ ও’কনর ও জ্যাক লোডেনের মতো তরুণ ব্রিটিশ অভিনেতাদের নাম আলোচনায় ছিল। কিন্তু শেষ পর্যন্ত তাঁদের পেছনে ফেলে প্যাটিনসনকে বেছে নেওয়া হয়েছে।
বিশ্লেষকদের ধারণা, নতুন কাউকে নিয়ে দীর্ঘমেয়াদি ঝুঁকি নেওয়ার পরিবর্তে ইতিমধ্যে আন্তর্জাতিক পরিচিতি পাওয়া একজন অভিনেতার ওপর আস্থা রেখেছে আমাজন। প্যাটিনসনের জনপ্রিয়তা ও অভিনয়ের অভিজ্ঞতা নতুন সিনেমাটির প্রচার এবং দর্শক আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বন্ড চরিত্রে কতটা মানাবে প্যাটিনসনকে?
‘টোয়াইলাইট’ চলচ্চিত্রের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া রবার্ট প্যাটিনসন পরবর্তী সময়ে নিজের অভিনয়জীবনে নানা ধরনের চরিত্রে অভিনয় করে আলাদা অবস্থান তৈরি করেছেন। ‘দ্য ব্যাটম্যান’ ও ‘দ্য ওডিসি’র মতো বড় বাজেটের সিনেমার পাশাপাশি ‘গুড টাইম’, ‘দ্য লাইটহাউস’ ও ‘প্রাইমটাইম’-এর মতো চলচ্চিত্রেও তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে।
বিশেষ করে জটিল, রহস্যময় ও মনস্তাত্ত্বিক চরিত্রে অভিনয়ের দক্ষতা তাঁকে অন্যদের থেকে আলাদা করেছে। তবে জেমস বন্ডের চরিত্রটি কিছুটা ভিন্ন। এখানে একজন মার্জিত, আত্মবিশ্বাসী, কৌশলী ও নিয়ন্ত্রিত স্বভাবের গুপ্তচরকে পর্দায় তুলে ধরতে হয়।
তাই প্রশ্ন উঠছে, বন্ডের প্রচলিত ব্যক্তিত্বের সঙ্গে প্যাটিনসনের অভিনয়শৈলী কতটা মানিয়ে যাবে। তবে ডেনিস ভিলনেভের মতো পরিচালকের অধীনে চরিত্রটিকে নতুনভাবে উপস্থাপনের সুযোগ রয়েছে। ভক্তদের প্রত্যাশা, এবার হয়তো প্রচলিত বন্ড চরিত্রের বাইরে আরও ভিন্নধর্মী এক ০০৭-কে দেখতে পাবেন তাঁরা।
বন্ড গার্ল হওয়ার দৌড়ে এগিয়ে কারা?
নতুন জেমস বন্ডের নাম ঘোষণার পর থেকেই তাঁর বিপরীতে অভিনয় করবেন কে, তা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। বন্ড সিনেমায় নারী চরিত্রগুলো বরাবরই দর্শকদের আগ্রহের বড় অংশজুড়ে থাকে। এবার পরিচালক ডেনিস ভিলনেভ হওয়ায় এ চরিত্রের উপস্থাপনা নিয়েও প্রত্যাশা বেশি।
‘অ্যারাইভাল’, ‘সিকারিও’ ও ‘ডিউন’ সিরিজে শক্তিশালী নারী চরিত্র তুলে ধরার অভিজ্ঞতা রয়েছে এই পরিচালকের। তাই নতুন সিনেমায় বন্ডের নারী সঙ্গীকে শুধু সৌন্দর্যনির্ভর চরিত্রে সীমাবদ্ধ না রেখে গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী ভূমিকায় দেখা যেতে পারে বলে ভক্তদের প্রত্যাশা।
মার্কিন সাময়িকী ভ্যারাইটি সম্ভাব্য ১৯ জন অভিনেত্রীর একটি তালিকা প্রকাশ করেছে। তাঁদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন জেনডায়া। চলতি বছর ‘দ্য ড্রামা’ ও ‘দ্য ওডিসি’ সিনেমায় রবার্ট প্যাটিনসনের সঙ্গে কাজ করেছেন তিনি। এ ছাড়া ডেনিস ভিলনেভের ‘ডিউন ৩’ সিনেমাতেও প্যাটিনসন ও জেনডায়াকে একসঙ্গে দেখা যাবে।
একই পরিচালকের সঙ্গে কাজের অভিজ্ঞতা এবং প্যাটিনসনের সঙ্গে পর্দা ভাগাভাগির সম্ভাবনার কারণে আলোচনায় রয়েছেন ফ্লোরেন্স পিউ ও আনিয়া টেলর-জয়ও। অন্যদিকে ভিলনেভের সঙ্গে আগে কাজ করার অভিজ্ঞতা থাকায় এমিলি ব্লান্টের নামও সম্ভাব্য তালিকায় রয়েছে।
এ ছাড়া ফরাসি অভিনেত্রী মারিওঁ কঁতিয়ার, মার্গো রবি ও সিডনি সুইনির নামও আলোচনায় এসেছে। তবে তাঁদের মধ্যে শেষ পর্যন্ত কে বন্ডের সঙ্গী হবেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
এর আগে যাঁরা জেমস বন্ড হয়েছেন
জেমস বন্ড চরিত্রে এর আগে অভিনয় করেছেন ছয়জন অভিনেতা। তাঁদের মধ্যে শন কনারি অভিনয় করেছেন ৬টি সিনেমায়, জর্জ ল্যাজেনবি একটি সিনেমায়, রজার মুর ৭টি সিনেমায়, টিমোথি ডালটন ২টি সিনেমায়, পিয়ার্স ব্রসনান ৪টি সিনেমায় এবং ড্যানিয়েল ক্রেগ ৫টি সিনেমায়।
এবার সপ্তম অভিনেতা হিসেবে সেই ঐতিহ্যে যুক্ত হতে যাচ্ছেন রবার্ট প্যাটিনসন। তবে নতুন বন্ডের পাশাপাশি তাঁর বিপরীতে কে অভিনয় করবেন, তা জানার জন্য আপাতত অপেক্ষা করতে হচ্ছে আনুষ্ঠানিক ঘোষণার।

