আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে হলুদ কার্ডজনিত নিষেধাজ্ঞার নিয়মে বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা করছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এই পরিবর্তনের লক্ষ্য হলো গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে অপ্রয়োজনীয়ভাবে তারকা খেলোয়াড়দের অনুপস্থিতি কমানো এবং প্রতিযোগিতাকে আরও ভারসাম্যপূর্ণ করা।
বিবিসি স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, ফিফা নতুন এক প্রস্তাব নিয়ে এগোচ্ছে, যেখানে টুর্নামেন্টের দুইটি নির্দিষ্ট ধাপে খেলোয়াড়দের হলুদ কার্ডের হিসাব মুছে দেওয়া হবে। অর্থাৎ গ্রুপ পর্ব শেষ হওয়ার পর একবার এবং কোয়ার্টার ফাইনাল শেষ হওয়ার পর আরেকবার কার্ডের গণনা শূন্য থেকে শুরু হবে।
বর্তমান নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় টুর্নামেন্টে দুইটি হলুদ কার্ড দেখলেই এক ম্যাচের জন্য নিষিদ্ধ হন। সাধারণত দলগুলো যখন কোয়ার্টার ফাইনালে পৌঁছায়, তখন পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলতে হয়। এই দীর্ঘ সময়ের মধ্যে দুটি হলুদ কার্ড দেখা গেলে গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করার ঝুঁকি তৈরি হয়।
বিশ্বকাপে দলসংখ্যা বাড়িয়ে ৩২ থেকে ৪৮ করা হচ্ছে। ফলে ম্যাচের সংখ্যা বেড়ে যাওয়ায় খেলোয়াড়দের ওপর শাস্তির ঝুঁকিও আরও বেশি হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই কারণেই নতুন নিয়ম আনার উদ্যোগ নিয়েছে ফিফা।
প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, দুইটি হলুদ কার্ড থাকলে এখনকার মতোই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। তবে গ্রুপ পর্ব শেষে সব কার্ড বাতিল হয়ে যাবে। এরপর নকআউট পর্বে নতুন করে হিসাব শুরু হবে, যা শেষ ৩২, শেষ ১৬ এবং কোয়ার্টার ফাইনাল পর্যন্ত চলবে। কোয়ার্টার ফাইনাল শেষে আবারও কার্ড রিসেট করা হবে।
এই নিয়মের ফলে কোনো খেলোয়াড়কে নিষিদ্ধ হতে হলে হয় গ্রুপ পর্বে দুইটি হলুদ কার্ড দেখতে হবে, অথবা নকআউট পর্বের নির্দিষ্ট ধাপে দুইটি হলুদ কার্ড পেতে হবে।
ফিফা কাউন্সিল এই প্রস্তাব নিয়ে মঙ্গলবার কানাডার ভ্যাঙ্কুভারে বৈঠক করবে। সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
ফিফার যুক্তি অনুযায়ী, এই পরিবর্তন করলে শাস্তির নিয়ম আরও ন্যায্য হবে এবং বড় ম্যাচগুলোতে অযথা গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের অনুপস্থিতির ঝুঁকি কমবে, যা টুর্নামেন্টের প্রতিযোগিতামূলক মানও বাড়াতে পারে।
সিভি/এইচএম

