মিরপুরে ম্যাচের শুরুটা আশাব্যঞ্জক হলেও দ্রুতই ছন্দ হারায় বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ভালো সূচনা এনে দিলেও ধারাবাহিক উইকেট পতনে চাপে পড়ে দল। ঠিক সেই সময়ই হানা দেয় বৃষ্টি, ফলে আপাতত খেলা বন্ধ রয়েছে।
শনিবার মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। ওপেনিং জুটিতে তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান মিলে ২১ রান যোগ করেন। তবে ইনিংস বড় করতে পারেননি তারা। সাইফ ১৬ রান করে আউট হন।
এরপর দ্রুতই ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। দলীয় ৩৫ রানের মধ্যেই হারায় তিন উইকেট। তানজিদ তামিম ১০ বলে আউট হন, আর পারভেজ ইমন কোনো রান না করেই ফিরে যান।
চাপের মুখে দলকে সামাল দেওয়ার চেষ্টা করেন লিটন দাস ও তাওহিদ হৃদয়। তাদের জুটিতে কিছুটা স্থিরতা আসে। ৬ ওভার ৪ বল শেষে ৩ উইকেটে ৫০ রান করে বাংলাদেশ। এর মধ্যে লিটন ১৩ বলে ২৫ রানে অপরাজিত ছিলেন।
ঠিক তখনই শুরু হয় ঝুম বৃষ্টি, ফলে খেলা বন্ধ করে দিতে বাধ্য হন ম্যাচ কর্মকর্তারা। এখন দেখার বিষয়, বৃষ্টি থামার পর ম্যাচ শুরু হলে বাংলাদেশ কীভাবে ঘুরে দাঁড়ায়।
সিভি/এইচএম

