বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-১ গোলের ড্রয়ের হতাশা কাটিয়ে দ্বিতীয় ম্যাচে দাপুটে জয় তুলে নিয়েছে ব্রাজিল। ‘সি’ গ্রুপের ম্যাচে হাইতিকে ৩-০ গোলে পরাজিত করেছে কার্লো আনচেলত্তির দল।
শনিবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় ফিলাডেলফিয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাজিল। ম্যাচের শুরুর দিকে হাইতির রক্ষণ ভেঙে গোলরক্ষকের মুখোমুখি হয়েছিলেন রাফিনিয়া। তবে চিপ করতে গিয়ে তিনি বল পোস্টের অনেক বাইরে পাঠান। এর আগে তার একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়।
২৩তম মিনিটে ব্রাজিলকে এগিয়ে দেন মাতেউস কুনিয়া। ভিনি জুনিয়রের শট হাইতির গোলরক্ষক জনি প্লাসিদে ঠেকালেও ফিরতি বলে গোল করতে ভুল করেননি তিনি।
৩৬তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন কুনিয়া। মাঝমাঠ থেকে বল এগিয়ে নিয়ে ভিনি জুনিয়র তাকে পাস দেন। বক্সে ঢুকে বাঁ পায়ের দুর্দান্ত শটে ব্যবধান ২-০ করেন এই ফরোয়ার্ড।
এর কিছুক্ষণ আগে চোটের শঙ্কায় মাঠ ছাড়েন রাফিনিয়া। তার পরিবর্তে মাঠে নামেন রায়ান।
প্রথমার্ধের যোগ করা সময়ে গোলের খাতা খোলেন ভিনি জুনিয়রও। লুকাস পাকেতার পাস থেকে বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করে দলের তৃতীয় গোলটি করেন তিনি। প্রথম দুই গোলেও সহায়তা ছিল তার। ফলে বিরতিতে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় ব্রাজিল।
দ্বিতীয়ার্ধে কিছুটা আক্রমণাত্মক হওয়ার চেষ্টা করে হাইতি। কর্নার থেকে পাওয়া এক সুযোগে গোলের সম্ভাবনা তৈরি হলেও গোললাইন থেকে বল ক্লিয়ার করে দলকে রক্ষা করেন দানিলো।
ম্যাচের একপর্যায়ে বদলি হিসেবে নামা এনদ্রিক বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। শেষ দিকে আরো একটি সুযোগ তৈরি করেছিলেন তিনি, তবে তার শট গোললাইন থেকে ফিরিয়ে দেয় হাইতির রক্ষণভাগ।
শেষ পর্যন্ত প্রথমার্ধের তিন গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল এবং টুর্নামেন্টে নিজেদের প্রথম জয় তুলে নেয়।

