অস্ট্রিয়াকে হারিয়ে আগেই বিশ্বকাপের শেষ ৩২ নিশ্চিত করেছিল আর্জেন্টিনা। এবার গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সমীকরণও মিলেছে আলবিসেলেস্তেদের। একই গ্রুপের অন্য ম্যাচে আলজেরিয়ার কাছে জর্ডানের পরাজয়ের ফলে ‘জে’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত হয়েছে আর্জেন্টিনার।
গ্রুপসেরা হওয়ার ফলে শেষ ৩২-এ ‘এইচ’ গ্রুপের রানার্সআপ দলের মুখোমুখি হবে আর্জেন্টিনা। বর্তমানে সেই অবস্থানে রয়েছে উরুগুয়ে। ড্র অনুযায়ী, আর্জেন্টিনার নকআউট ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৪ জুলাই মায়ামিতে, বাংলাদেশ সময় ভোর ৪টায়।
তবে এখনই উরুগুয়েকে আর্জেন্টিনার নিশ্চিত প্রতিপক্ষ বলা যাচ্ছে না। ‘এইচ’ গ্রুপের শেষ ম্যাচগুলো এখনও বাকি রয়েছে। গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে স্পেন ও উরুগুয়ে। অন্যদিকে সৌদি আরব খেলবে কেপ ভার্দের বিপক্ষে। এই দুই ম্যাচের ফলের ওপর নির্ভর করছে আর্জেন্টিনার প্রতিপক্ষ।
বর্তমান সমীকরণ অনুযায়ী, আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ চারটি দল—উরুগুয়ে, স্পেন, কেপ ভার্দে এবং সৌদি আরব।
স্পেন যেভাবে প্রতিপক্ষ হতে পারে:
- উরুগুয়ে স্পেনকে হারালে এবং কেপ ভার্দে-সৌদি আরব ম্যাচ ড্র হলে।
- উরুগুয়ে স্পেনকে হারালে এবং সৌদি আরব কেপ ভার্দেকে পরাজিত করলে।
কেপ ভার্দে যেভাবে প্রতিপক্ষ হতে পারে:
- স্পেন উরুগুয়েকে হারালে এবং কেপ ভার্দে সৌদি আরবকে হারালে।
- স্পেন উরুগুয়েকে হারালে এবং কেপ ভার্দে-সৌদি আরব ম্যাচ ড্র হলে।
সৌদি আরব যেভাবে প্রতিপক্ষ হতে পারে:
- স্পেন উরুগুয়েকে হারালে এবং সৌদি আরব কেপ ভার্দেকে হারালে।
- স্পেন-উরুগুয়ে ম্যাচ ড্র হলে এবং সৌদি আরব জয় পেলে।
অন্যদিকে উরুগুয়ে নিজেদের অবস্থান ধরে রাখতে পারলে তারাই হবে আর্জেন্টিনার প্রতিপক্ষ। ফলে ‘এইচ’ গ্রুপের শেষ রাউন্ডের ম্যাচগুলো শেষ না হওয়া পর্যন্ত আর্জেন্টিনার নকআউট প্রতিপক্ষ নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।

