ফুটবল ইতিহাসের অন্যতম স্মরণীয় স্মারক হিসেবে নতুন রেকর্ড গড়েছে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলের ১৯৫৮ সালের বিশ্বকাপ ফাইনালের জার্সি। নিলামে জার্সিটি বিক্রি হয়েছে ৪৯ লাখ ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬০০ কোটি টাকার সমান।
নিলাম প্রতিষ্ঠান সদবিস জানিয়েছে, এটি পেলের ব্যবহৃত স্মারকগুলোর মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া বস্তু। ১৯৫৮ সালের বিশ্বকাপ ফাইনালে এই জার্সি পরেই মাত্র ১৭ বছর বয়সে স্বাগতিক সুইডেনের বিপক্ষে জোড়া গোল করেছিলেন পেলে। সেই ম্যাচে ৫-২ ব্যবধানে জয় পেয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ শিরোপা জেতে ব্রাজিল।
গত বৃহস্পতিবার নিউইয়র্কে অনুষ্ঠিত নিলামে জার্সিটির জন্য পাঁচজনের বেশি আগ্রহী ক্রেতা মোট ১০টি দরপ্রস্তাব দেন। নিলাম আয়োজকদের মতে, ফুটবল ইতিহাসে ম্যাচটির অনন্য গুরুত্ব এবং জার্সিটির ঐতিহাসিক মূল্যই এর দাম এতটা বাড়িয়ে দিয়েছে।
১৯৫৮ সালের সেই ফাইনালে পেলের বয়স ছিল মাত্র ১৭ বছর। বিশ্বকাপ ফাইনালে গোল করা সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে তার গড়া রেকর্ড আজও অক্ষুণ্ন রয়েছে। ওই ম্যাচই ছিল আন্তর্জাতিক ফুটবলে পেলের উত্থানের অন্যতম বড় মঞ্চ, আর ব্রাজিলের বিশ্বকাপ ইতিহাসেরও নতুন সূচনা।
এডসন আরান্তেস দো নাসিমেন্তো, যিনি বিশ্বজুড়ে ‘পেলে’ নামেই পরিচিত, পরবর্তীতে ফুটবল ইতিহাসের অন্যতম প্রভাবশালী ও সফল খেলোয়াড়ে পরিণত হন। ২০২২ সালে তিনি মারা যান, তবে তার কীর্তি আজও ফুটবলপ্রেমীদের কাছে সমান উজ্জ্বল।
সদবিসের ভাষ্য, ১৯৫৮ সালের বিশ্বকাপ ফাইনালের ছবিগুলো ফুটবল ইতিহাসের সবচেয়ে পরিচিত ও বহুল প্রচারিত ছবিগুলোর মধ্যে অন্যতম। সেই ঐতিহাসিক মুহূর্তের নীরব সাক্ষী ছিল এই জার্সি। এর আগে ২০০৪ সালের একটি নিলামে একই জার্সিটি ৭০ হাজার ৫০৫ পাউন্ডে, সে সময়ের হিসাবে প্রায় ১ লাখ ৫ হাজার ৬০০ ডলারে বিক্রি হয়েছিল।
তবে পেলের জার্সি রেকর্ডমূল্যে বিক্রি হলেও এটি এখনো ক্রীড়া ইতিহাসের সবচেয়ে দামি স্মারক নয়। সেই শীর্ষস্থান ধরে রেখেছে বেসবল কিংবদন্তি বেব রুথের ১৯৩২ সালের ওয়ার্ল্ড সিরিজে ব্যবহৃত জার্সি, যা ২০২৪ সালে ২ কোটি ৪১ লাখ ডলারে বিক্রি হয়।
নিলাম প্রতিষ্ঠান বোনহামস-এর তথ্য অনুযায়ী, সবচেয়ে দামি ক্রীড়া স্মারকের তালিকায় আরও রয়েছে বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডানের ১৯৯৮ সালের এনবিএ ফাইনালের জার্সি, যার বিক্রয়মূল্য ছিল ১ কোটি ১ লাখ ডলার। এছাড়া ১৯৮৬ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে পরা আর্জেন্টিনার কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার জার্সিও ৯২ লাখ ডলারে বিক্রি হয়েছিল।

