২০২৬ বিশ্বকাপের ফাইনালের পর পুরস্কার বিতরণী মঞ্চে এক আলোচিত মুহূর্তের জন্ম দেন আর্জেন্টিনার দুই ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ ও ক্রিস্তিয়ান রোমেরো। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে করমর্দন না করেই তারা মঞ্চ অতিক্রম করেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সূত্র: ইয়াহু
রোববার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে স্পেনের কাছে ১-০ ব্যবধানে হেরে রানার্সআপ হয় আর্জেন্টিনা।
পদক বিতরণী অনুষ্ঠানে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। আর্জেন্টিনার খেলোয়াড়দের রৌপ্যপদক পরিয়ে দেওয়ার সময় লিসান্দ্রো মার্তিনেজ ইনফান্তিনো ও ট্রাম্প—কারও সঙ্গেই করমর্দন করেননি।
অন্যদিকে ক্রিস্তিয়ান রোমেরো ইনফান্তিনোর সঙ্গে করমর্দন করলেও ট্রাম্পকে এড়িয়ে যান। এরপর তিনি মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাম এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে করমর্দন করেন।
ঘটনার ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে মার্টিনেজ বা রোমেরো কেন ট্রাম্পের সঙ্গে করমর্দন করেননি, সে বিষয়ে তারা কিংবা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি।

