দীর্ঘ ১৭ বছর পর আবারও দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ইংল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। সফরের সবচেয়ে বড় আকর্ষণ হবে ক্রিকেটের ‘মক্কা’খ্যাত লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে একটি টেস্ট ম্যাচ।
বৃহস্পতিবার (২৩ জুলাই) ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ২০২৭ সালের আন্তর্জাতিক সূচি প্রকাশ করে এ তথ্য জানিয়েছে।
সূচি অনুযায়ী, ২০২৭ সালের ২৮ মে থেকে ১ জুন পর্যন্ত লর্ডসে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচ। ২০১০ সালের পর এই প্রথম ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ।
একই সময়ে বাংলাদেশ নারী দলও ইংল্যান্ড সফর করবে। তারা সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে।
সূচি প্রকাশের পর ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গুল্ড বলেন, বাংলাদেশ পুরুষ দলকে লর্ডসে এবং নারী দলকে সাদা বলের সিরিজে স্বাগত জানাতে পেরে তারা আনন্দিত। তিনি উল্লেখ করেন, ২০১০ সালের পর নিজেদের মাটিতে টেস্টে আবারও বাংলাদেশের মুখোমুখি হতে যাচ্ছে ইংল্যান্ড।
দীর্ঘ বিরতির পর ইংল্যান্ড সফরের সুযোগ পাওয়ায় বাংলাদেশের জন্য এটি শুধু একটি আন্তর্জাতিক সিরিজ নয়, বরং লর্ডসের মতো ঐতিহাসিক ভেন্যুতে খেলার বিরল সুযোগও।

