বাংলাদেশের সার্ফিংয়ে নতুন ইতিহাসের দ্বারপ্রান্তে ফাতেমা আক্তার। এশিয়ান গেমসে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করা দেশের প্রথম নারী সার্ফার হিসেবে এবার জাপানে ইতিহাস গড়ার স্বপ্ন দেখছেন তিনি।
কক্সবাজারের সমুদ্রসৈকতে নিয়মিত কঠোর অনুশীলন করছেন দশম শ্রেণির এই শিক্ষার্থী। সতীর্থ সার্ফার মোহাম্মদ মান্নানের সঙ্গে বাংলাদেশ সার্ফ গার্লস অ্যান্ড বয়েজ ক্লাবের কোচ রাশেদ আলমের তত্ত্বাবধানে চলছে তার প্রস্তুতি।
আগামী সেপ্টেম্বরে জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা ২০তম এশিয়ান গেমস। এই আসরেই প্রথমবারের মতো সার্ফিংয়ে বাংলাদেশের অভিষেক হতে যাচ্ছে বলে আশা করা হচ্ছে।
এশিয়ান গেমসে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগকে সামনে রেখে ফাতেমার প্রস্তুতিও চলছে জোরেশোরে। প্রতিকূলতা পেরিয়ে আন্তর্জাতিক মঞ্চে ভালো করার পাশাপাশি বাংলাদেশের সার্ফিংয়ে নতুন অধ্যায় যোগ করাই এখন তার লক্ষ্য।
কক্সবাজারের ঢেউয়ের সঙ্গে প্রতিদিনের লড়াই পেরিয়ে ফাতেমা এখন স্বপ্ন দেখছেন আরও বড় মঞ্চের। সেই স্বপ্ন সফল হলে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার হিসেবে তার নাম লেখা হবে ইতিহাসের পাতায়।

