সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচেই জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। বদলি খেলোয়াড় ইব্রাহিমের করা একমাত্র গোলে ভুটানকে ১-০ ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টে দারুণ সূচনা করেছে স্বাগতিকরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। দুই প্রান্ত ব্যবহার করে একের পর এক আক্রমণ তৈরি করলেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি দল। বিশ্বনাথের কয়েকটি ব্যর্থ প্রচেষ্টার পাশাপাশি ভুটানের রক্ষণভাগের দৃঢ়তায় আটকে যায় বাংলাদেশের আক্রমণ।
সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আক্রমণের ধরনেও পরিবর্তন আনে স্বাগতিকরা। দুই উইংয়ের পাশাপাশি মাঝমাঠ থেকে আক্রমণ তৈরি এবং দূরপাল্লার শটেও গোলের চেষ্টা চালায় তারা।
প্রথমার্ধে বল দখলের লড়াইয়ে স্পষ্ট আধিপত্য ছিল বাংলাদেশের। ৬৪ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রাখে দলটি। বিপরীতে ভুটানের বল দখলের হার ছিল ৩৬ শতাংশ। এই সময়ে বাংলাদেশ ১২টি শট নেয়, যেখানে ভুটানের শট ছিল ৪টি। তবে লক্ষ্যে শট নেওয়ার ক্ষেত্রে দুই দলই সমান ছিল—দুটি করে।
বিরতির পরও আক্রমণের ধারাবাহিকতা বজায় রাখে বাংলাদেশ। অবশেষে ম্যাচের ৬৯তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা মেলে। বদলি হিসেবে মাঠে নামা ইব্রাহিমের পা থেকেই আসে জয়সূচক গোলটি।
বক্সে করা একটি ক্রস থেকে গোলের সুযোগ তৈরি হয়। সেই বলে হেড করেন শমিত সোম। তাঁর হেডে বল ওপরের দিকে উঠে গেলে গোলমুখের সামনে সুযোগ পেয়ে যান ইব্রাহিম। দারুণ দক্ষতায় পা ছুঁইয়ে বল জালে পাঠিয়ে বাংলাদেশকে এগিয়ে দেন এই বদলি ফরোয়ার্ড।
গোল হজমের পর সমতায় ফেরার চেষ্টা করে ভুটান। অন্যদিকে ব্যবধান বাড়ানোর সুযোগ খোঁজে বাংলাদেশও। দুই দলই কয়েকটি আক্রমণ তৈরি করলেও আর কোনো গোল হয়নি। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা।
গ্রুপ পর্বে বাংলাদেশের পরবর্তী ম্যাচ আগামী ১১ নভেম্বর। ওই ম্যাচে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। এদিকে দিনের অন্য ম্যাচে ‘বি’ গ্রুপের লড়াইয়ে পাকিস্তানকে ৩-২ গোলে হারিয়েছে ভারত।

