ওয়েস্ট ইন্ডিজের গায়ানায় অনুষ্ঠিত গ্লোবাল সুপার লিগে চ্যাম্পিয়ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল রংপুর রাইডার্স। আজ শনিবার ভোরে প্রভিডেন্সে অনুষ্ঠিত ফাইনালে তারা ৫৬ রানে হারায় অস্ট্রেলিয়ার দল ভিক্টোরিয়াকে।
বৈশ্বিক আসরে বাংলাদেশকে প্রথম কোনো শিরোপা এনে দিয়ে চমক দেখাল নুরুল হাসান সোহানের নেতৃত্বে রংপুর রাইডার্স।
গ্লোবাল সুপার লিগের প্রথম আসরে অংশ নিয়েছিল পাঁচ দেশের পাঁচটি দল। দলগুলো হলো—বাংলাদেশের রংপুর রাইডার্স, অস্ট্রেলিয়ার ক্রিকেট ভিক্টোরিয়া, ওয়েস্ট ইন্ডিজের গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, পাকিস্তানের লাহোর কালান্দার্স ও ইংল্যান্ডের হ্যাম্পশায়ার হকস।
সৌম্য সরকার ব্যাটে সৌরভ ছড়িয়ে রংপুরকে শিরোপা এনে দিলেন। ৫৪ বলে ৮৬ রান করে দলকে এনে দেন ১৭৮ রানের পুঁজি। এরপর বোলাররা এই রানকে দারুণভাবে ডিফেন্ড করেছেন। ভিক্টোরিয়া ১৮.১ ওভারে ১২২ রান তুলে অলআউট হয়েছেন। সৌম্য ম্যাচসেরা হওয়ার পাশাপাশি ১৮৮ রান করে সিরিজসেরার পুরস্কারও পেয়েছেন।

স্টিভেন টেইল ও সৌম্য সরকার ওপেনিং জুটিতে ১৪ ওভারে তুলেছেন ১২৪ রান, যা রংপুরের হয়ে টি-টোয়েন্টিতে রেকর্ড জুটি। আগের সর্বোচ্চ রানের জুটি ছিল জহুরুল ইসলাম অমি ও সৌম্যর গড়া ১০২ রান।
সৌম্য ৭ বাউন্ডারি ও ৫ ছক্কায় ৮৬ এবং যুক্তরাষ্ট্রের মারকুটে ব্যাটার স্টিভেন টেইলর ৪৯ বলে ৬৮ রান করেন। এররপ যুক্তরাষ্ট্রের পেসার হারমিত সিং (৩/১৯) ছাড়াও মেহেদী হাসান (২/২০), সাইফ হাসান (২/২১) ও রিশাদ হোসেনের (২/২৬) দুর্দান্ত বোলিং রংপুরকে জয় এনে দেয়।
তবে দিন শেষে হেসেছেন সৌম্যই। তাঁর ইনিংসই গড়ে দিয়েছে রংপুরের জয়ের ভিত্তি। যে জয় রংপুরকে এনে দিয়েছে গ্লোবাল সুপার লিগের প্রথম আসরের ট্রফি আর রংপুরের দ্বিতীয় টি-টোয়েন্টি ট্রফি। এর আগে ২০১৭ সালে বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) চ্যাম্পিয়ন হয়েছিল রংপুর।

