হামজাকে বাংলাদেশের হয়ে খেলার অনুমতি দিয়েছে ফিফা। ইংলিশ প্রিমিয়ার লিগ মাতানো হামজা চৌধুরীকে দেখা যাবে এবার বাংলাদেশের জার্সিতে।
এমন খবরে দেশের ফুটবলে প্রেমীদের মাঝে বইছে আনন্দের জোয়ার। আশা প্রিমিয়ার লিগ মাতানো হামজার ছোঁয়ায় বদলে যাবে দেশের ফুটবল।
পল্টনের শহীদ তাজউদ্দীন ইনডোরে ইউনেক্স-সানরাইজ আন্তর্জাতিক ব্যাডমিন্টনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ হামজাকে নিয়ে নিজের উচ্ছ্বাসের কথা জানান। সেই সঙ্গে হামজার দেশে আসার আনুষ্ঠানিকতা সম্পন্ন করায় বাফুফেকে ধন্যবাদ দিয়েছেন তিনি।
ক্রীড়া উপদেষ্টা জানায়, ‘বাফুফেকে ধন্যবাদ, তারা বেশ কিছুদিন ধরেই হামজার বিষয়ে ফিফার সঙ্গে কাজ করছিল। হামজা আসায় আমাদের পারফরম্যান্স সামনের দিনগুলোতে আরও ভালো হবে। আমি আশা করি, তিনি আসায় বাংলাদেশের ফুটবল বদলাবে। বাংলাদেশের অনেকে যারা বিভিন্ন ক্লাবে খেলেন, হামজা চৌধুরীর বিষয়টি সবার মধ্যে বাংলাদেশের হয়ে খেলার আশা সঞ্চার করবে।’
দেশের ফুটবলের জন্য আরেকটি সুসংবাদ- আগামী ১০ বছরের জন্য চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম সরকারের কাছ থেকে লিজ পেয়েছে বাফুফে। তারা অনেক দিন ধরে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কাছে বিভিন্ন স্টেডিয়াম স্থায়ী বরাদ্দ চেয়ে আসছিল।
বঙ্গবন্ধু স্টেডিয়াম সংস্কার নিয়ে এক প্রশ্নের জবাবে ক্রীড়া উপদেষ্টা জানায়, ‘ডিসেম্বরে কাজ শেষ হওয়ার কথা। আশা করি, জানুয়ারি থেকে খেলা শুরু হবে।’ এরপর তিনি নিজে থেকেই জানায়, ‘আমরা চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামকে ১০ বছরের জন্য বাফুফেকে লিজ দিয়েছি। সংস্কার করে সেখানে ফুটবল শুরু হবে।’
বিভিন্ন স্টেডিয়ামের নাম বদলানো প্রসঙ্গে তিনি জানায়, ‘নাম তো একটা নয়, হাজার হাজার আছে। নামের বিষয়ে কী ধরনের পরিবর্তন আসবে, সেটা কমিটি প্রস্তাব করবে। তারপর সিদ্ধান্ত।’
আসিফ মাহমুদ আরো জানায়, এরপর এক মাস পেরিয়ে গেলেও বাকি ফেডারেশনগুলোর কমিটি দেওয়া হয়নি। দ্রুতই বাকি কমিটিগুলো ঘোষণা করা হবে। ক্রীড়াঙ্গনে সংস্কারের উদ্দেশ্যে গঠিত সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতে ৯টি ফেডারেশনে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।

