বিপিএলে ৮৬ রানের ইনিংস খেলে রেকর্ড গড়েছেন ক্রিকেট জগতের কিংবদন্তি তামিম ইকবাল। দুর্বার রাজশাহীর বিপক্ষে ব্যাট হাতে ঝড় তুলেছেন ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। ৪৮ বলে ৩ ছক্কা ও ১১ চারে ৮৬ রানের ইনিংস খেলে হয়েছেন ম্যাচসেরা। আর এমন ইনিংসের পর তামিম ইকবাল জানিয়েছেন, মাঠের বাউন্ডারির দৈর্ঘ্য ছোট মনে হয়েছে তাঁর কাছে।
এদিকে এবারের বিপিএলে শুরু থেকেই রেকর্ড গড়ার রান হতে দেখা যাচ্ছে। আর গত ৩ জানুয়ারি মিরপুরে তো রেকর্ডই হয়েছে। দুর্বার রাজশাহীর বিপক্ষে চট্টগ্রাম কিংসের করা ২১৯ রান বিপিএলে মিরপুরের সর্বোচ্চ। হঠাৎ এত বেশি রানের পেছনে ছোট বাউন্ডারিকেও একটি কারণ হিসেবে বলা হচ্ছে।
যে কারণে বাউন্ডারি দৈর্ঘ্য আরও বাড়ানোর কথা বলছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। ম্যাচশেষে তামিম ইকবাল বলেন, “মাঠ ভালোভাবে প্রস্তুত করা হয়েছে। তবে বাউন্ডারি বড় হোক, সেটা দেখতে চাই। আপনার কাছে যখন জায়গা আছে, তখন ৫৮-৬০ মিটার বাউন্ডারি কেন হবে, সেটা আমি জানি না। আন্তর্জাতিক ক্রিকেট যখন খেলবেন, তখন তো বাউন্ডারি ৬৫-৭০ মিটারের বাউন্ডারি থাকে। এটা বোলারদের জন্য কিছু থাকে। কারণ উইকেট অনেক ভালো”।
তবে ভালো উইকেটের জন্য পিচ কিউরেটরদের কৃতিত্বও দিয়েছেন তামিম ইকবাল, “কিউরেটরকে কৃতিত্ব দিতে হবে, তারা দারুণ উইকেট বানিয়েছে। উইকেট অনেক ভালো, বাউন্ডারি বাড়িয়ে দিন, যেহেতু জায়গা আছেই। এই মুহূর্তে বোলারদের জন্য কিছুই নেই। আশা করছি, কর্তৃপক্ষ আমার কথা শুনবেন, বাউন্ডারি বাড়িয়ে দেবেন। কারণ আপনার কাছে জায়গা আছে”।

