দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২৪২ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার (১৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১০ জন, চট্টগ্রাম বিভাগে ৩৮ জন, ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ২১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩৫ জন, খুলনা বিভাগে ৪০ জন এবং ময়মনসিংহ বিভাগে ২১ জন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশে মোট ১০ হাজার ১২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৬১ শতাংশ পুরুষ এবং ৩৯ শতাংশ নারী।
এ সময়ের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৯ হাজার ৬৭ জন। সবশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরে ডেঙ্গুতে মোট ৩৩ জনের মৃত্যু হয়েছে।

