দেশে হাম ও হামের উপসর্গে শিশুমৃত্যুর সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে চার মাসের বেশি সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে মারা গেছে ৭৯৭ শিশু।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) মারা যাওয়া চার শিশুর মধ্যে সিলেটে দুজন, রাজশাহীতে একজন এবং ময়মনসিংহে একজন রয়েছে।
এর আগে গত ২৬ জুন হাম ও হামের উপসর্গে শিশুমৃত্যুর সংখ্যা ৭০০ ছাড়ায়। ওই সময় পর্যন্ত ৭০২ শিশুর মৃত্যু হয়েছিল। এরপর মাত্র ২৬ দিনের ব্যবধানে মৃতের সংখ্যা ৮০০ ছুঁই ছুঁই অবস্থায় পৌঁছেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে আরও এক হাজার আট শিশু। এর মধ্যে ১৩০ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে মোট ১ লাখ ৩৪ হাজার ১৫৬ শিশু। এর মধ্যে হামে আক্রান্ত শিশুর সংখ্যা ১৪ হাজার ৭০৮।
এ ছাড়া চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ২ হাজার ২৪৪ শিশু। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯৮ হাজার ৪১১ শিশু।

