দেশে হামের প্রাদুর্ভাব এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। এতে হাম ও হামের উপসর্গে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে ৮০৩ জনে পৌঁছেছে।
মঙ্গলবার (২২ জুলাই) সকাল ৮টা পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) হালনাগাদ তথ্যে এ তথ্য জানানো হয়েছে। তথ্য অনুযায়ী, হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৭০৮ জনে দাঁড়িয়েছে। অন্যদিকে পরীক্ষাগারে নিশ্চিত হওয়া হামে মৃতের সংখ্যা বেড়ে ৯৫ জন হয়েছে।
একই সময়ে সারা দেশে নতুন করে ৯০৪ জন হামের উপসর্গজনিত রোগে আক্রান্ত হয়েছেন। ফলে এ ধরনের মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২০ হাজার ৩৫২ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় পরীক্ষাগারে আরও ১৩৩ জনের হামে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে। এতে পরীক্ষাগারে নিশ্চিত রোগীর মোট সংখ্যা বেড়ে ১৪ হাজার ৮৪১ জনে পৌঁছেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হামের উপসর্গজনিত রোগে আক্রান্ত হয়ে ১ লাখ ৩ হাজার ৭৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৯৯ হাজার ২৯৪ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের হাম প্রতিরোধে নির্ধারিত টিকা গ্রহণ এবং জ্বর, র্যাশ বা হামের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

