গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এতে দেশে হাম ও হামের উপসর্গে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০৫ জনে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ৮টা পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭১০ জন। অন্যদিকে, গবেষণাগারে নিশ্চিত হওয়া হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৫ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে আরও ৮৪৮ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছেন। এর ফলে দেশে সন্দেহভাজন আক্রান্তের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২১ হাজার ২০০ জনে।
এ ছাড়া একই সময়ে আরও ১৬৬ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। এতে গবেষণাগারে নিশ্চিত হওয়া মোট হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৭ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে সন্দেহভাজন হাম নিয়ে মোট ১ লাখ ৩ হাজার ৮৬৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ১৮৮ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

