সারা দেশে হামের প্রাদুর্ভাব কমার কোনো লক্ষণ নেই। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৬৯১ শিশু।
শনিবার (২৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দিনে হামের উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৭২১ শিশু। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও ৯৫ শিশু। ফলে এ সময়ে হাম ও হামের উপসর্গ মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১৬ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৭৮ শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে আরও ৬১৩ শিশু। এ সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৮১ শিশু, আর চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে ৪৭৯ শিশু।
১৫ মার্চ থেকে ২৫ জুলাই সকাল পর্যন্ত সারা দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২২ হাজার ৭৬৩ জন। এর মধ্যে পরীক্ষায় ১৫ হাজার ২৭২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে মোট ১ লাখ ৫ হাজার ২৯৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে ১ লাখ ১ হাজার ৫৩৫ জন।

